
এম এইচ মুকুল
পথ চলতে চলতে হঠাৎ থেমে যাই,
আপাদমস্তক অঙ্গপ্রত্যঙ্গের আন্দোলনের ভিড়ে
নির্বাক বন্দি হয় আমার সত্তা।
তারা নাকি বড্ড ক্লান্ত আজ!
চিৎকার চেঁচামেচির লহরে আমি নিশ্চুপ,
তারা মুক্তি চায় এ ছুটে চলা থেকে।
রক্তকণাগুলোর মাতলামি দেখি মদ্যপের মতো,
এতদিনের লালিত মস্তিষ্কে অনিয়ন্ত্রণের হুমকি!
শিরা-উপশিরাগুলোর বিরুদ্ধাচরণ
এখন আর সমঝোতার কথা বলে না।
তাদের এক দফা আন্দোলনে আমি উদভ্রান্ত।
এখনো যে আমার অনেক কাজ বাকি,
শেকল ভাঙার গান এখনো যে গাওয়া হয়নি,
নিপীড়িতের মুখের হাসিতে—
আমি তো আজও হাসতে পারিনি!
কি করে তাদের নাজাত দেবো
শূন্য ঝোলায় পূর্ণতার তকমা না নিয়েই?



