
মমতা মজুমদার
আমি ফুল পাখি আকাশকে ভালোবেসেছি
সবুজ অরণ্যের বুকে দু দণ্ড শান্তি খুঁজেছি।
সোদা মাটির গন্ধে বিমোহিত হয়ে
মিশেছি কাদা, মাটি, জলে।
নদীর ছলাৎ ছলাৎ ঢেউয়ে প্রেম কুড়িয়েছি।
আঁচল ভরে দু মুঠো ঝরা শিউলি কুড়াতে গিয়ে,
শিশির দানায় লেপ্টে থাকা তোমায় খুঁজে পেয়েছি।
হয়েছি তোমার অষ্টরঙ্গে কারাবন্দি।
আমি কাঙালিনী হয়ে বারে বার ছুটে গেছি,
তোমার হৃদ সমুদ্রের মুক্তোর টানে।
হলদে পাতার খেয়া ভাসিয়ে মাঝ দরিয়ায় সুখ বিলিয়েছি।
ঝাউ বনের ফাঁকে ফাঁকে রূপালী জ্যোৎস্না ছড়িয়েছি।
বালির বুকে ঝিনুক দিয়ে এঁকেছি হৃদয় খণ্ড।
তোমার প্রত্যাশিত প্রেমের নেশায় বিমুগ্ধ হয়ে
প্রতীক্ষায় থেকে থেকে সেথায় সূর্যাস্ত ডুবে গেছে।
ফিরেছি শূন্যতার অতল গহ্বরে।
তবু নীল দিগন্তে তাকিয়ে সান্ত্বনা খুঁজে নিয়েছি।
আঁধারে চুপি চুপি কষ্টের ফোয়ারা গিলেছি।
কষ্টকে ঝাপটে ধরে গড়েছি বসত ভিটা।
আমার অনভ্যাসের শিথিলতায় শান্তি দিয়েছিল নীল কষ্ট,
তাই আজ শুধু সংগোপনে একা কষ্টের চাষ করি।



