
নাসরীন নঈম
যেখানে মেঘেরা জটলা করছে
বাজ পড়া তালগাছের মাথায়—
চোখ তুলে তাকাতেই আঁধারের খেয়া
বাবুই পাখির রোমশ শরীরে ঢেউ তুলে যায়।
তাজমহলের সাদা আর মানুষের
মনের ভেতরে সাদা— কোনটি আসলে সাদা?
বুঝতেই পারি না।
তীব্র তৃষ্ণায় কাতর হই সারা রাত
নির্ঘুম হলুদ উষ্ণতায় ভাবতে থাকি তোমাকে।
মসৃণ বাণিজ্যখেলায় সমগ্র-সংসার ছুটে চলে
প্রীতি বন্ধনের সীমানা পার হয়ে
কত আর মোক্ষম কৌশলী হব
উদাস দুপুরে কাঠঠোকরার ঘর বানাবার শব্দ শুনি—
বাল্যকাল থেকে বুকের ভেতর পুষে রাখা একটাই দুঃখ
কখনো কাউকে জানতে দিইনি,
এমনকি নদীতীরের ঘাসফুলকেও,
মেঘেদের বলেছি—
জটলা না করে আমার পুরনো সেমিজটা রিফু করে দাও।



