
প্রথম যে দিন দেখেছি তোমায়,
মনে পড়ে সেই রথের বাজার;
সন্ধ্যা বেলার আলো-আঁধারে, বুকে
আমার জ্বলেছে তারকা হাজার।
ভ্রমর এসেছিলো ফুলের কাছে,
সারা রাত ধরে গেয়েছিলো গান;
মধুর আলাপে কেটেছে সময়,
হৃদয়ে উঠেছে মোহনীয় তান।
হেসেছিলে তুমি বেসেছিলে ভালো,
ভরে দিয়েছিলাম পানের পেয়ালা;
দিয়েছিলে তুমি উজাড় করিয়া,
নিভায়েছো মনে ছিল যতো জ্বালা।
তুমি যেন সুরা, আমি যেন সাকি ,
তোমার বিহনে ব্যাথা জাগে মনে;
ভুলে গেছো তুমি , আমি ভুলে গেছি,
এখনো সন্ধ্যা নামে ঐ দূর বনে ।
মাঝে মাঝে আজ আমি টের পাই
তোমার দেহের মায়াবী সুবাস;
স্মৃতির দুয়ার খুলে গেলে দেখি—
বুকের ভেতর শুধু হা-হুতাশ।
বলেছিলে তুমি হৃদয়ের কথা,
তারকার নীচে রাতের আঁধারে;
বসে মুখোমুখি সুরা আর সাকি,
রোম শহরের সাগরের ধারে।
হেরে গেছ তুমি, আমি হেরে গেছি,
হেরে গেছে সেই ফেরারি সময়;
ঢের বয়স হয়েছে পৃথিবীর,
তবু অলি আজও ফুলে তন্ময়।
তুমি ফিরবে না, ফিরবো না আমি,
আসবে না ফিরে সেই মধুমাস;
রাত নামে যদি সাগরের তীরে,
আমাদের ছায়া করে ফিসফাস।
এ জীবনে আর হবে না কো দেখা,
হবে না আবার সমুদ্র ভ্রমণ;
বয়সের বুড়ি এসেছে কি ফিরে?
কোথায় গেলো হায়, সেই যৌবন!
মনে পড়ে যদি আমাকে আবার,
হাতে তুলে নিও এক গোছা ফুল;
কান পেতে শোনো, বধূ বিদেশিনী,
আমিও এখানে বলছি কবুল!



