
দ্বীপ সরকার
কুয়াশারা পেখম মেলতে মেলতে উড়ে গেলে
পাখিরা অন্ধ প্রজাতির মতো স্থবির
টাইটানিক থেকে নিকটবর্তী আরো— অদূরের মেঘ;
পাখিরা কুয়াশার ভেতর ওড়ে—
বায়ু নিঃসৃত নিওর খেতে খেতে পাখিরা বড় হতে থাকলে
একদিন আকাশ ফের রঙিন হলো
চারদিক চিকচিক— বিস্ময়ের বোতামে ফুটছে রোদের তরবারি
জাহাজের পাটাতন জুড়ে মৌ মৌ ছলাৎ—
ঝিরিঝিরি আঙুরলতার মতো বিশ্বাসের দানা
ওপর নিচ হচ্ছে ঢেউ— দানা দানা বিশ্বাস
এভাবে কিছু স্মৃতি ভুলে পাখিরা নিজ নিজ আকাশে ফেরে
কুয়াশারাও নিজেদের আচ্ছাদিত করতে থাকে মেঘের সাম্পানে
আর আমরা গর্দভ মার্কা মানুষ—
নিজেদের ভাবি পাখিদের প্রাচীন পিতা



