প্রবাস

শারদোৎসবের রঙে রঙিন আটলান্টিক সিটি

সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি থেকে: শারদোৎসবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির প্রবাসী বাঙালী সনাতন ধর্মাবলম্বীরা মেতেছিলেন দুর্গোৎসবের হরেক আয়োজনে। শারদোৎসবের রঙে রঙিন হয়ে উঠেছিল আটলান্টিক সিটি।

আটলান্টিক সিটিতে অবস্থিত প্রবাসী হিন্দুদের মন্দিরে গত ২ অক্টোবর, রবিবার থেকে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছিল। ৫ অক্টোবর, বুধবার দুর্গোৎসব শেষ হয়। দুর্গোৎসবে তিথি মতে পূজার যাবতীয় শাস্ত্রীয় কর্মযজ্ঞ সম্পাদন করা হয়।

শারদোৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পূজার্চনা, আরতি, প্রবাস প্রজন্মের সংগীত ও নৃত্য পরিবেশনা, ধর্মসভা, আয়োজক সংগঠনের সদস্য-সদস্যাদের পরিবেশনায় সংগীত অনুষ্ঠান, পুঁথি পাঠ, কীর্তন, সিঁদুর খেলা ও মহাপ্রসাদ বিতরণ।

গত ৩ অক্টোবর, সোমবার সন্ধ্যায় আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল মন্দির প্রাঙ্গণে শারদোৎসবে অংশগ্রহনকারী প্রবাসী হিন্দুদের সাথে শারদ শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচছা তিনি বক্তব্যে প্রবাসী হিন্দুদের যে কোনও প্রয়োজনে তার প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

গত ৪ অক্টোবর, মঙ্গলবার রাতে প্রবাস প্রজন্মের শিশু-কিশোরদের পরিবেশিত অনুষ্ঠান সবাই প্রাণভরে উপভোগ করেন।

বিরূপ আবহাওয়া উপেক্ষা করে আবালবৃদ্ধবনিতার বাহারি সাজ ও নয়নাভিরাম পোশাক-আশাকে দুর্গোৎসব প্রাঙ্গণ হয়ে উঠেছিল শারদোৎসবের রঙে রঙিন। প্রবাসী হিন্দুদের সব পথ এসে যেন মিশেছিল মন্দির প্রাঙ্গণে। তারা সারাক্ষণ মেতে ছিলেন আনন্দযজ্ঞে।

দুর্গাপূজার এই কয়েক দিন আটলান্টিক সিটির প্রবাসী হিন্দুরা মেতে ছিল অনাবিল আনন্দে। আনন্দলোকের মঙ্গলালোকে অন্যরকম অনুভূতি আর ভিন্নতর ভালোবাসায় উদ্বেলিত হোক সকল প্রবাসী হিন্দুর মন-প্রাণ, এই ছিল সবার অন্তরের কামনা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension