আন্তর্জাতিক

ইতিহাসের সর্বনিম্নে ইরানি রিয়াল, এক ডলারের মূল্য ৩০ লাখ!

যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা, দীর্ঘস্থায়ী যুদ্ধ ও লাগামহীন মূল্যস্ফীতির চাপে ভয়াবহ সংকটে পড়েছে ইরানের অর্থনীতি। মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রা রিয়ালের দাম ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। প্রতি ডলারের দাম প্রায় ৩০ লাখ রিয়ালের কাছাকাছি পৌঁছেছে। এতে দেশটির অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) আন্তর্জাতিক মুদ্রাবাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট বন-বাস্টের তথ্য অনুযায়ী, খোলাবাজারে প্রতি মার্কিন ডলার বিক্রি হয়েছে প্রায় ২৯ লাখ ৯২ হাজার রিয়ালে। শুক্রবার (২৭ নভেম্বর) এ দাম ছিল ২৯ লাখ ৩৮ হাজার রিয়াল।

অন্যদিকে, আলানচাঁদ ডটকমের হিসাবে প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ২৯ লাখ ৯৯ হাজার রিয়ালে। একদিনের ব্যবধানে মুদ্রাটির দাম বেড়েছে ১ দশমিক ৮৩ শতাংশ।

যুদ্ধ ও নিষেধাজ্ঞায় বিপর্যস্ত অর্থনীতি

কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মূল্যস্ফীতির মুখে পড়েছে ইরান। দেশটির ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞার পাশাপাশি গত নয় মাস ধরে চলা যুদ্ধ অর্থনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।

গত জুলাইয়ে ইরানের বন্দরগুলোতে আবারও নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। চলতি মাসের শুরুতে ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামে নতুন একটি উদ্যোগের ঘোষণাও দেয় ওয়াশিংটন। এর লক্ষ্য ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্যের চলাচল সীমিত করা।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চলতি সপ্তাহের শুরুতে নতুন নিষেধাজ্ঞা আরোপের পর এক বিবৃতিতে বলেন, ‘ইরানের অর্থনীতি পানির নিচে চলে গেছে এবং দেশটির নেতারা আতঙ্কিত।’

নতুন নিষেধাজ্ঞার উদ্দেশ্য ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করা এবং দেশটির গোপন ব্যাংকিং নেটওয়ার্কগুলোকে দুর্বল করে দেওয়া বলে জানিয়েছে ওয়াশিংটন।

খাদ্যপণ্যের দাম বেড়েছে ১১২ শতাংশ

ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে দেশটির ভোক্তা পর্যায়ে পণ্যের দাম আগের বছরের একই সময়ের তুলনায় ৮৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

একই সময়ে বার্ষিক গড় মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৮ শতাংশে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি খাদ্য ও পানীয়ের বাজারে। এ খাতে দাম বেড়েছে ১১২ দশমিক ৬ শতাংশ।

অর্থাৎ, এক বছর আগের তুলনায় সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কিনতে এখন দ্বিগুণেরও বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে।

এর আগে গত আগস্টে মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রার দাম দুই লাখ নয়, ২০ লাখ রিয়ালের সীমা অতিক্রম করেছিল। একই বছরের জুলাইয়ে দেশটির বার্ষিক মূল্যস্ফীতি ৬৬ শতাংশে পৌঁছেছিল।

কিন্তু কয়েক মাসের ব্যবধানে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এবার প্রতি ডলারের দাম ৩০ লাখ রিয়ালের কাছাকাছি পৌঁছেছে।

তথ্যসূত্র: রয়টার্স

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension