
ইরানের দাবিগুলো অত্যন্ত আপত্তিকর, হাস্যকর ও অবাস্তব: রুবিও
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে তেহরানের দেওয়া শর্তগুলোকে ‘অত্যন্ত আপত্তিকর, হাস্যকর এবং মোটেও বাস্তবসম্মত নয়’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের হুমকি থেকে বিশ্বকে রক্ষা করতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন। যুদ্ধটি যুক্তরাষ্ট্রে জনপ্রিয় না হলেও জাতীয় নিরাপত্তার স্বার্থে তা প্রয়োজনীয় ছিল।
রোববার ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও এসব কথা বলেন। তিনি জানান, ট্রাম্প ইরানের মধ্যে একটি ‘খুবই বাস্তব হুমকি’ শনাক্ত করেছিলেন এবং দেশটি যাতে পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগোতে না পারে, সে লক্ষ্যেই পদক্ষেপ নিয়েছিলেন। রুবিও বলেন, দেশের নিরাপত্তার জন্য কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এ ধরনের সিদ্ধান্ত সব সময় জনপ্রিয় না হলেও প্রয়োজনীয়।
যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টা সম্পর্কে রুবিও বলেন, আলোচনায় বড় ধরনের অগ্রগতির দ্বারপ্রান্তে পৌঁছেছেন, এমনটা আমি মনে করি না। ট্রাম্প সব সময় কূটনৈতিকভাবে সমস্যার সমাধান পছন্দ করেন। তবে ইরানের দেওয়া শর্তগুলো শুধু অগ্রহণযোগ্যই নয়, কিছু ক্ষেত্রে অত্যন্ত আপত্তিকর, হাস্যকর ও অবাস্তব।
ইরানের দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রকে প্রথমে দেশটির ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নিতে হবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং জব্দ করা সম্পদ ছাড়তে হবে। এ ছাড়া যুদ্ধের ক্ষতিপূরণ, মধ্যপ্রাচ্যের সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ এবং ওই অঞ্চল থেকে মার্কিন সামরিক উপস্থিতি কমানোর দাবিও রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পাশাপাশি হরমুজ প্রণালিতে নতুন নৌপথের স্বীকৃতিও চায় তেহরান। তবে রুবিও তার বক্তব্যে নির্দিষ্ট করে বলেননি, এসব দাবির কোনগুলোকে তিনি আপত্তিকর বা অবাস্তব মনে করছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার বলেছেন, যুদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এখন হোয়াইট হাউসের। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের দিকে ইঙ্গিত করে তিনি লেখেন, মার্কিন ভোটাররা আমাদের পছন্দ বেছে নিয়েছেন। ইরানের দুই দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে। সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধসহ তেহরানের শর্তগুলো মেনে নিলে ফলাফল দেখা যাবে। অন্যথায় যুদ্ধ বেছে নিলে ইরানের সতর্ক ও যুদ্ধ-অভিজ্ঞ যোদ্ধারা কঠোর জবাব দেবেন।
তেহরানের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র তাদের শর্ত মেনে নিলে দুই দিনের মধ্যে কৌশলগত হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এ নিয়ে কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে।
রুবিওর এ বক্তব্য আসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর। নির্বাচনে দলটির বিপর্যয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছিলেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ভ্যান্সের বক্তব্যের অধিকাংশের সঙ্গে তিনি একমত হলেও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। বরং এটি যুক্তরাষ্ট্রের নেওয়া অন্যতম সেরা পদক্ষেপ হিসেবে ইতিহাসে বিবেচিত হবে। তেহরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তারা পুরো বিশ্বকে ধ্বংস করে দিতে পারত বলেও মন্তব্য করেন।
রোববার সিএনএনকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হলে এবং একটি শক্তিশালী চুক্তি স্বাক্ষরিত হলে যুক্তরাষ্ট্রের পক্ষে নতুন করে হামলা চালানোর প্রয়োজন হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে প্রয়োজন হলে তিনি আবারও হামলা চালাতে পারেন বলেও জানান। তার দাবি, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের ওপর বড় ধরনের হামলা চালিয়েছে।
এদিকে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মতপার্থক্য দূর করতে কাতার কয়েকটি প্রস্তাব দিয়েছে। বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, প্রস্তাবগুলো পর্যালোচনা করছে ইরান। ট্রাম্পের আনুষ্ঠানিক সময়সূচি অনুযায়ী, সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। ইরান যুদ্ধ বন্ধে কাতার দুই দেশের মধ্যে মধ্যস্থতা করছে।
অন্যদিকে, ২০২৮ সালের নির্বাচনে উচ্চতর কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রুবিও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছাড়ছেন বলে সম্প্রতি জল্পনা ছড়িয়েছিল। তবে এ ধরনের খবরকে ভিত্তিহীন বলে নাকচ করেছেন রুবিও।



