
‘চুল ধরে টেনেছে পুলিশ’, বিস্ফোরক অভিযোগ বিবিসি- থেকে আসা মহিলা সাংবাদিকের
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: চুল ধরে টেনেছে পুলিশ। দিল্লিতে এমনই অভিযোগ জানালেন এক মহিলা সাংবাদিক। বুশরা শেখ নামে ওই মহিলা সাংবাদিক বিবিসি-র থেকে কভারেজের জন্য এসেছিলেন বলে জানিয়েছেন।
রবিবার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি। জামিয়া মিলিয়া ইউনিসাভার্সিটিতে ছাত্র-ছাত্রী ও অধ্যাপকরাও পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন এদিন।
বুশরা শেখ জানান, দিল্লিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ কভার করার জন্য এসেছিলেন তিনি। এক পুলিশ তাঁর চুল ধরে টেনেছে বলে অভিযোগ করেন তিনি। আরও বলেন, পুলিশ তাঁকে হেনস্থা করেছে, এমনকি ব্যাটন দিয়ে মেরেছে বলেও জানিয়েছেন তিনি।
ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, ‘আমি এখানে মজা করতে আসিনি। কভারেজের জন্য এসেছিলাম।’
এদিন জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানায় যে, কোনও অনুমতি ছাড়াই এদিন ক্যাম্পাসে ঢুকে পড়ে পুলিশ। ইউনিভার্সিটি গেট লক করে ছাত্র-ছাত্রী, অধ্যাপকদের মারধর করা হয় বলেও অভিযোগ।
এছাড়া, এদিন, নয়াদিল্লির মথুরা রোড, ভরত নগর সহ একাধিক এলাকায় একের পর এক বাসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। বাসের আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে আসে দমকলবাহিনী। কিন্তু আন্দোলনকারীরা দমকলের একাধিক ইঞ্জিনে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়।
বেশ কিছু জায়গায় ইতিমধ্যে সিআরপিএফও নামানো হয়েছে। বিক্ষোভের জেরে দিল্লিতে দিল্লির মেট্রো পরিষেবাতেও প্রভাব পড়েছে। দিল্লি মেট্রো সূত্রে জানানো হয়েছে, সুখদেব বিহার, জামিয়া মিলিয়া ইসলামিয়া, ওখলা বিহার এবং যশোলা বিহার এই চারটি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। কোনও ট্রেন এই চারটি স্টেশনে থামবে না বলেও জানানো হয় মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে।
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গত কয়েক দিন ধরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে অসম, ত্রিপুরা-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলো। পরিস্থিতি ভয়ানক হয়ে ওঠে অসম ও ত্রিপুরায়। গুয়াহাটিতে অসংখ্য মানুষ রাস্তায় নেমে পড়েন। প্রতিবাদ চলে সিএবি-র বিরুদ্ধে। রাজধানীর বিভিন্ন জায়গায় ভাঙচুর, যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া মতো ঘটনা ঘটে। বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে মেঘালয়ের রাজধানী শিলংয়েও।



