
ট্রাম্প-কিমের বৈঠকে খরচ ২০ মিলিয়ন ডলার
রূপসী বাংলা ডেস্ক:সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উন। মঙ্গলবারের এ বৈঠকের দিকে নজর গোটা বিশ্বের। আর বৈঠককে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছে আয়োজক দেশ সিঙ্গাপুর।
এরই মধ্যে দেশটিতে দুই নেতার বিশেষ নিরাপত্তারক্ষীরা পৌঁছেছে। আর সিঙ্গাপুরের পথে রয়েছেন ট্রাম্প ও কিম। বিশ্বের হাই প্রোফাইল এ বৈঠক উপলক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সিঙ্গাপুর।
বিশ্বের ঐতিহাসিক এ বৈঠকের খরচ সম্পর্কে দেশটির প্রধানমন্ত্রী লি হুসেন লুং জানিয়েছেন, দুই নেতার বৈঠকে খরচ হবে ২০ মিলিয়ন ডলার। আর আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার স্বার্থে এ বৈঠকের সমস্ত খরচ সিঙ্গাপুরই বহন করবে।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী রবিবার একথা জানান বলে খবর দিয়েছে সিঙ্গাপুরভিত্তিক গণমাধ্যম স্ট্রেইট টাইমস।
সূত্র:স্ট্রেইট টাইমস



