
দিল্লি বিমানবন্দরে প্রক্রিয়াগত ত্রুটি, হাজার ব্যাগ পাল্টাপাল্টি, রয়েছে হেমা মালিনী-উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যাগও
রূপসী বাংলা ডেস্ক:দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রক্রিয়াগত ত্রুটির জেরে, প্রায় হাজার খানেক যাত্রীর ব্যাগ পাল্টাপাল্টি হয়ে গিয়েছে। এই ঘটনার জেরে বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়। যাত্রীরা ক্ষোভে ফেটে পড়ে।
প্রসঙ্গত, এই সপ্তাহে পরপর কয়েকটি ছুটির দিন পড়ে যাওয়ায় দিল্লি বিমানবন্দরে যাত্রী আনাগোনা এই কয়েকদিনে দিগুণ বেড়ে গিয়েছে। যাত্রীদের মালপত্রের মধ্যে পাওয়ার ব্যাঙ্ক এবং লাইটার সবচেয়ে বেশি পাওয়া গিয়েছে। এই সমস্ত মালপত্র ভর্তি ব্যাগগুলি সিকিউরিটি চেকের মধ্যে দিয়ে যেতে গিয়ে মেশিনগুলোতে সমস্যা দেখা যায়। যার জেরে সমস্যায় পড়তে হয় সমস্ত যাত্রীদের।
প্রক্রিয়াগত ত্রুটির জেরে প্রায় ২৫টি বিমান দেরিতে ছেড়েছে। এই সমস্যার মধ্যে পড়ে বিমানবন্দরে আটকে যান হেমা মালিনী, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এবং তাঁর স্ত্রী। তাঁদেরও মালপত্র সিকিউরিটি চেক থেকে ছাড়পত্র পেতে দেরি হয়।
ভিস্তারা বিমানসংস্থার তরফে তার যাত্রীদের এই সমস্যার কথা টুইট করে জানানো হয়েছে। সেখানেই তারা জানিয়েছে, এই প্রক্রিয়াগত ত্রুটির কারণে ধাক্কা খেয়েছে সমস্ত বিমানসংস্থার যাত্রীরাই। প্রায় ৩৩০০ ব্যাগ আটকে গিয়েছে।



