ভারত

ভারত কি এবার নাকভির হাত থেকে পদক নেবে

এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে পায়নি ভারতের পুরুষ ও নারী ক্রিকেট দল। উভয় দলই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভির কাছ থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছিল।

এবার এশিয়ান গেমসেও একই পরিস্থিতি তৈরি হতে পারে। তবে নাকভির কাছ থেকে পদক গ্রহণ করবে কি না, সে বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সংস্থাটি জানিয়েছে, আপাতত দলের মনোযোগ শুধু ম্যাচ জেতার দিকে।

২০২৬ সালের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পুরুষ ও নারী, দুই বিভাগেই বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এবারও সোনার পদক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে দল দুটি। তবে পদক বিতরণের দায়িত্ব নাকভিকে দেওয়া হলে ভারতীয় খেলোয়াড়েরা তাঁর কাছ থেকে পদক গ্রহণ করবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে আলোচনা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) নাকভিকে আনুষ্ঠানিকভাবে পদক বিতরণের দায়িত্ব দিলে ভারতীয় দলগুলো তাঁর কাছ থেকে পদক গ্রহণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ওসিএর নিয়ম অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির কাছ থেকে পদক গ্রহণে অস্বীকৃতি জানালে তা গেমস ও সংস্থাটির প্রতি অসম্মান হিসেবে বিবেচিত হতে পারে। এমনকি শাস্তিমূলক ব্যবস্থার ঝুঁকিও রয়েছে।

তবে বিষয়টি নিয়ে আগেভাগে কোনো অবস্থান জানাতে চাননি বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। তাঁর মতে, এখন দলের মনোযোগ শুধু ম্যাচ জেতার দিকে। পদক জয়ের সুযোগ তৈরি হলে তখনকার পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বোর্ড।

সাইকিয়া বলেন, ‘আমরা শুধু ম্যাচগুলোর দিকেই মনোযোগ দিচ্ছি। প্রথমে দলগুলোকে পদক মঞ্চে পৌঁছাতে হবে। তখনকার পরিস্থিতি ও সব প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। পরিস্থিতি তৈরি হলে তখনই তা মোকাবিলা করব। বোর্ড ও খেলোয়াড়দের মনোযোগ শুধু ম্যাচ জেতার দিকে। এখনো ঘটেনি, এমন কোনো বিষয় নিয়ে আমরা মন্তব্য করতে চাই না।’

২০২৫ সালের পুরুষ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। তবে নাকভির কাছ থেকে ট্রফি ও পদক গ্রহণ করেনি দলটি। চলতি বছর নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হলেও একই পরিস্থিতির মুখে পড়ে ভারতের মেয়েরা। নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় তারা।

এদিকে এশিয়ান গেমসে পদক বিতরণের নিয়ম নিয়ে রয়েছে নির্দিষ্ট বিধান। ওসিএর সংবিধান ও নিয়মাবলির ৬৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বিজয়ীদের পদক তুলে দেবেন সংস্থাটির সভাপতি। তবে তিনি চাইলে অন্য কোনো ওসিএ সদস্যকেও এ দায়িত্ব দিতে পারেন।

ওই অনুচ্ছেদে আরও বলা হয়েছে, পদক বিতরণ অনুষ্ঠানে কোনো ধরনের বিক্ষোভ কিংবা বাণিজ্যিক, রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত প্রচারণা চালানো যাবে না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension