
পাঁচ.
ক
বাড়ির বিশাল সিংহ দুয়ারের সামনে ইটের তৈরি মুখোমুখি দুইটা বেঞ্চের একটাতে আসরের নামাজ শেষে পথের দিকে তাকিয়ে বসে আছেন দরমুজ খাঁ। এখন প্রতিদিন মাগরিবের আজান না দেওয়া পর্যন্ত, হয় মসজিদের ইমাম সাহেবের সাথে সুখ-দুঃখের গল্প করে কাটিয়ে দেন, না হয় বাড়ির সামনে বসে থাকেন তিনি।
সাত বছর হতে চললো ওমর বাড়ি ছেড়েছে; ধীরে ধীরে সবাই ভুলতে বসেছে ওমরের নাম, শুধু ভুলতে পারেননি দরমুজ খাঁ। এখনো ওমরের ঘর ছাড়ার বেদনা ছাই চাপা আগুনের মতো তার হৃদয়ে জ্বলছে অবিরাম; অথচ কেউ জানে না তার এই ব্যক্তিগত বেদনার কথা—কেবল তার সহধর্মিণী গুলবাহার বানু ছাড়া। হয়ত ওমরকে হারাবার এই বেদনা তাকে বয়ে বেড়াতে হবে আমৃত্যু; তবে যাই হোক, এখন পথের দিকে তাকিয়ে বসে থাকা ছাড়া তার পক্ষে আর কী বা করার আছে—বিশেষ করে এই বৃদ্ধ বয়সে।
এই সব অলস মুহূর্তে ওমরের কথা ভাবতে ভাবতে দরমুজ খাঁ নিজের অজান্তেই ফিরে যান তার শৈশবে; পাহাড় ঘেরা সেই ছোট্ট গ্রামে। পাহাড়ের পাদদেশে ছিল তার দাদার আপেলের বাগান; সারি সারি সেই আপেল গাছের ফাঁকে ছুটে বেড়ানোর স্মৃতি—ঝাপসা, তবু জীবন্ত; যেন সেদিনের কথা; শীত পড়ার আগে আগে আপেল পাড়ার সে কী ব্যস্ততা। কয়েকটি আঙ্গুরের বাগানও ছিল দাদার; বড় বড় মাটির কলসে ভরে আঙ্গুরের রস দিয়ে দাদা তৈরি করতেন মিষ্টি মদ; আর শীতের শেষে পাহাড়ের চূড়ায় বরফ গলা শুরু হলে ছোট্ট দরমুজ দাদার হাত ধরে জঙ্গলে যেতো কাঠ কাটতে।
আনাতোলিয়ার প্রত্যন্ত অঞ্চলের এক গ্ৰাম ছেড়ে হাজী মুরাদ ভাগ্যান্বেষণে বেরিয়ে ভারতবর্ষে এসেছিলেন; সঙ্গে করে নিয়ে এসেছিলেন তার একমাত্র পুত্র দশ বছরের দরমুজকে। ছোট্ট দরমুজ সেই যে আব্বার সাথে ভারতে এসেছিল, আর ফিরে যাওয়া হয়নি তার জন্ম ভিটায়। হয়ত ওমরও তার মতো আর কোনদিন ফিরে আসবে না মুরাদনগরে; তবে কেন এই সংসার-সন্তান, ঘর বাঁধার ব্যর্থ বাসনা?
মানুষ আসলে পরিযায়ী পাখির মতো—কিছুদিন এখানে, কিছুদিন সেখানে; তারপর অন্য কোনখানে। পৃথিবী ঘুরছে, সাথে মানুষও; এখানে স্থিরতা বলে কিছু নেই; স্থায়ি আবাস বলে কিছু নেই। আমাদের আদি পিতা আদমও নির্বাসিত হয়েছিলেন নিজের বাসভূমি থেকে—সেই থেকে মানুষের বাস্তুচ্যুতির বেদনার শুরু; ওমর ও দরমুজ খাঁ বহমান সেই বেদনার গর্বিত উত্তরাধিকার।
দরমুজ খাঁর পিতা হাজী মুরাদ ছিলেন মোহাম্মদ ঘুরির ঘনিষ্ঠ সহযোদ্ধা; ১১৯২ সালে দিল্লির রাজা পৃথ্বীরাজ চৌহানের বাহিনীর সাথে ঘুরির সেনাবাহিনীর এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়, যুদ্ধে চৌহান পরাজিত ও নিহত হন; প্রথম মুসলিম শাসক হিসেবে ঘুরি দিল্লির মসনদ দখল করেন। সেই যুদ্ধে হাজী মুরাদ অসীম সাহসিকতার পরিচয় দিয়ে শহীদের মৃত্যুবরণ করেন; পিতার কৃতিত্বের পুরস্কার স্বরূপ বালক বয়সেই দরমুজ খাঁ মুহম্মদ ঘুরির সেনাবাহিনীতে পিতার পদে নিযুক্ত হয়েছিলেন।
মাত্র বিশ বছর বয়সে দরমুজ খাঁ গৌড় বিজয়ী বীর সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজীর সহযোদ্ধা হিসাবে গৌড়ে পদার্পণ করেন—সেই যে গৌড়ে এলেন, ফিরে যাওয়ার কথা আর তার মাথায় আসেনি। এখানকার মাটি আর মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়ে তিনি থেকে গেলেন এই মুরাদনগরে। অবশ্য মুরাদনগরের আদি নাম ছিল মহেশপুর, বর্তমান ‘মুরাদনগর’ নামটি তারই দেওয়া; পিতার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে, সন্তান হিসেবে পিতার স্মৃতিকে অম্লান করার বাসনা থেকে এটা তার একটা সামান্য উদ্যোগ।
যদিও এখন তিনি দিল্লির সালতানাতের কোনো দায়িত্বে নেই; স্বেচ্ছায় রাজকীয় পদ পরিত্যাগ করে সাধারণ জীবন বেছে নিয়েছেন; কিন্তু তাই বলে তাঁর মর্যাদা ও অবস্থান এই অঞ্চলে কোনো শাসন কর্তার চাইতে কোনো অংশে কম নয়।
—আসসালামু আলাইকুম, দাদাজান।
—ওয়ালাইকুম আস সালাম।
ঘাড় ঘুরিয়ে দরমুজ খাঁ পিছনে তাকিয়ে দেখলেন, রহিম তার আব্বার সাথে হেঁটে আসছে; হাতে জমি নিড়ানোর যন্ত্রপাতি, শরীর কাদামাটিতে পরিপূর্ণ। এখন রবি শস্য বোনার সময়; বিভিন্ন প্রকার তরি-তরকারি, ডাল, সরিষা বোনায় ব্যস্ত গ্রামের সকল সাধারণ কৃষক।
রহিমের আব্বা হাতেম আলী ছেলেকে সাথে নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছে; রহিম এখন উনিশ বছরের যুবক, সে এখন তার আব্বাকে আর আগের মতো হাড়ভাঙা খাটুনি খাটতে দেয় না; চাষাবাদের সমস্ত দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিয়েছে। দরমুজ খাঁ রহিমকে খুব স্নেহ করেন, ছোটবেলা থেকে সে ওমরের সঙ্গে সঙ্গে বড় হয়েছে; আর এখন ওমরের অবর্তমানে রহিমের ভিতরে দরমুজ খাঁ ওমরের ছায়া খুঁজে বেড়ান—রহিমকে দেখে একদিকে যেমন ওমরের কথা ভুলে থাকার চেষ্টা করেন, তেমনি আবার রহিমকে দেখলেই দরমুজ খাঁর হৃদয়ের গভীরে কোনো এক শোকার্ত বেদনা হাহাকার করে ওঠে।
—হাতেম, তোমার চাষবাস কেমন চলছে?
—চাচাজান, ভালো। আজকে জমি নিড়ানি শেষ করলাম, কাল থেকে বীজ বোনা শুরু করব। চাচাজান, এ বছর আপনার পাঁচ বিঘা জমিতে সরিষা চাষ করব—সারা বছর আর আপনার তেলের অভাব হবে না।
—সে ঠিক আছে হাতেম, কিন্তু জেলে পাড়ার পিছনের বিলের জমি সারা শীত মৌসুমে খালি পড়ে থাকে; সবুর তো কিছু করেও না, আবার কাউকে কিছু করতেও দেয় না; সব সময় শুধু নানান ধরনের বাহানা দেয়; আমার মনে হয় ওর হাত থেকে জমি নিয়ে নেওয়াই ভালো হবে।
—সে আপনি যা ভালো মনে করেন।
—ঠিক আছে, দেখি কী করা যায়।
—চাচাজান, একটা কথা বলার ছিল।
—কী কথা, বলো হাতেম।
—চাচাজান, ঠিক করেছি সামনের পৌষ মাসে রহিমের বিয়ে দেবো।
—তাই নাকি?
—জী, চাচাজান; সংসারে অনেক কাজ, ওর মা সবকিছু একা সামলাতে পারে না। মর্জিনা যে দিন থেকে শ্বশুর বাড়ি গেল, সেই দিন থেকে বাড়িটা খালি খালি লাগে। মেয়েটা ছিল, মার হাতে হাতে কাজ করত; এখন তো সব কাজ রহিমের মার একা করা লাগে; তাছাড়া ছেলেটাও তো বড় হচ্ছে—আজ হোক, কাল হোক বিয়ে তো দিতেই হবে। কথাবার্তা চলতিছে, সবকিছু পাকা হলে আপনাকে জানাবো—রহিমের বিয়েতে আপনাকে কিন্তু আসতেই হবে।
—আমি অবশ্যই যাব হাতেম, আমার পোতার প্রিয় বন্ধুর বিয়ে বলে কথা—আমি যাব না, তাকি হয়?
রহিমের চেহারা লজ্জায় লাল হয়ে গেছে; আর দরমুজ খাঁর মুখে যুগপৎ আনন্দ ও বেদনার ছায়া ফুটে উঠেছে; হয়ত এটা রহিমের বিবাহের আনন্দ এবং ওমরের হারিয়ে যাবার বেদনা। কথা শেষ করে হাতেম আলী তার ছেলেকে নিয়ে বাড়ির পথে পা বাড়ালো, আর বাপ-বেটার পথের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন দরমুজ খাঁ।
হাতেম আলীর পাশ কাটিয়ে এগিয়ে আসছিল ভূবন পাল, তাকে দেখেই বোঝা যাচ্ছে—বাড়ি ফেরার তার ভীষণ তাড়া। ধলেশ্বরী নদীর তীর বরাবর বেড়িবাঁধের উপরে রাস্তা; কিন্তু এই রাস্তায় পথ বেশি, এবং কুমোর পাড়ায় যেতে সময় লাগে অনেক; তাই শুকনো মৌসুমে কুমোর পাড়ার সবাই সাধারণত দরমুজ খাঁর বাড়ির সামনের পথ দিয়ে, বিলের আল ধরে যাতায়াত করে, ভূবনও সেই পথ ধরেছে—তার ইচ্ছা সন্ধ্যা নামার আগে বাড়ি ফেরার। কিন্তু খান সাহেবকে বসে থাকতে দেখে আর সামনে এগোবার সাহস করল না ভূবন; খান সাহেবকে প্রণাম জানিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল সে।
—কোথা থেকে আসছো ভূবন?
—আজ্ঞে কর্তা, জেলে পাড়ার গেছলাম।
—দরকার ছিল বুঝি?
—মাল বেচার কড়ি আনতে গেছলাম, কর্তা।
—তা তোমাদের আর খবর কী? সব ভালো তো?
—আজ্ঞে কর্তা, সব ভালো; আর আপনি তো আছেন কর্তা। যদি কোনো বিপদে পড়ি, আপনার কাছেই তো আমরা আসবো কর্তা।
—হুমায়ুন এখন আর তোমাদের পাড়ায় যায় না?
—আজ্ঞে কর্তা, আগের মতো রোজ আসে না, তবে মাঝে মাঝে আসে। কর্তা, আমি অনেক বুঝাইছি ছোট কর্তারে; আপনি যে আমাদের উপরে নাখোশ তাও বলি। কর্তা, আমাদের মাফ করে দেন; আমরা তো আপনার গোলাম। ছোট কর্তারে আমরা কি জোর করতে পারি? আমাদের তো সেই সাহস নেই।
—না, না, ভূবন; ভয় পাবার কিছু নেই। আমি জানি তোমরা নিজে থেকে হুমায়ুনকে দাওয়াত দিয়ে নিয়ে যাও না; আমার ছেলেটাই তো জোর করে তোমাদের ওখানে যায়। আমার হয়েছে এক জ্বলা ভূবন—আগে তাও ছেলেটা তোমাদের পাড়ায় গেলে সকালে বাড়ি ফিরতো; এখন তো কোথায় উধাও হয়ে যায়—আট-দশ দিন পরে বাড়ি ফেরে। আমি বলি কী ভূবন, তোমার সাথে হুমায়ুনের দেখা হলে আগের মতো তোমাদের পাড়ায় যেতে বলো, কেমন। আমি রাগ করব না; কিন্তু আমি যে তোমাকে বলতে বলেছি—এটা হুমায়ুন যেন না জানে, বুঝেছো!
—আজ্ঞে কর্তা, সব বুঝেছি; আপনি চিন্তা করবেন না, আমি সব ঠিক করে নেবো।
মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসছে; দরমুজ খাঁ মসজিদে যাবার জন্য উঠে দাঁড়ালেন, এবং ভূবনকে বললেন,—’ঠিক আছে ভূবন, তুমি যাও; আমি এখন নামাজে যাব।
খ
হাতেম আলীর বাড়ি জেলে পাড়ার বিপরীত দিকে; ধলেশ্বরী নদীর একটি শীর্ণ শাখা মুরাদনগর আর জেলে পাড়ার সীমানা নির্ধারণ করে এঁকে-বেঁকে চলে গেছে—নাম মহেশের খাল। মহেশপুর গ্ৰামের নাম পাল্টে গেছে, কিন্তু খালের নাম এখনো আগের মতোই আছে। বর্ষা কালে ছোট ডিঙা নৌকায় দুই গ্ৰামের মানুষ এপার ওপার করে; কিন্তু শুকনা মৌসুমে দুই তিনটা নৌকা আড়াআড়ি করে বেঁধে সবাই হেঁটে খাল পার হয়।
হিন্দু পাড়ায় ঢোকার মুখেই হাতেম আলীর বাড়ি; বাড়ির সামনে অনেক মানুষের ভিড়ের মধ্যে পড়ে গেল হাতেম আলী। বল হরি, হরি বোল—সম্মিলিত কণ্ঠের আওয়াজ শুনে হাতেম আলী বুঝতে পারলো পাড়ায় কেউ মারা গেছে, এটা তারই অন্তিম যাত্রার আয়োজন। আজ দুপুরে প্রতাপ খুঁড়ো দেহ ত্যাগ করেছেন; অনেক দিন ধরে খুঁড়ো জ্বরে ভুগছিলেন, বয়সও কম হয়নি খুঁড়োর—প্রায় নব্বই।
প্রতাপ খুঁড়োর দাদু আদিত্য সিংহ রায় চৌধুরী ছিলেন এই এলাকার আদি জমিদার; কিন্তু এখন সে-সব শুধুই স্মৃতি। মুসলমানদের গৌড়ে আগমনের পর থেকে নীরবে নিঃশব্দে ক্ষমতার ভরকেন্দ্র পরিবর্তিত হয়ে গেছে। বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে একটু একটু করে ক্ষমতা, অর্থ, প্রতিপত্তি, হিন্দু জমিদারদের হাত থেকে দরমুজ খাঁর মতো নব্য জমিদারদের হাতে চলে গেছে, প্রতাপ খুঁড়োর জীর্ণ ইমারত ঐতিহাসিক সেই বাঁক বদলের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে।
একদিন যে বাড়ির ইট-কাঠ-পাথরে লেগে থাকত প্রাচীন আভিজাত্যের অমলিন ছোঁয়া; গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু; কাছারি ঘর সারাদিন মুখরিত থাকত হাজারও মানুষের আনাগোনায়; অন্দরমহল থেকে ভেসে আসতো সোনার কাঁকন আর নূপুরের সম্মিলিত সুমধুর সুর; অভিজাত রমণীদের পদভারে প্রকম্পিত সেই বাড়িতে এখন চলছে প্রতাপ খুঁড়োর সঙ্গে তারও বিদায়ের প্রস্তুতি—অন্ধকার ওৎ পেতে আছে সবকিছু গ্ৰাস করবে বলে।
পৃথিবীর এক দিকে যখন সূর্য অস্ত যায়, অন্য প্রান্তে তখন উদিত হয় সূর্যের সোনালি সৌরভ—এটাই পৃথিবীর চিরন্তন নিয়ম; তেমনি ক্ষমতা ও সম্পদ ক্রমাগত হাত বদল হয়—এক হাত থেকে অন্য হাতে; সময় তার একমাত্র সাক্ষী।
প্রতিবেশীর দায়িত্ববোধের জায়গা থেকে হোক, অথবা অপার কৌতুহল—যখনই হিন্দু পাড়ায় কেউ মারা যায়, রহিম মিশে যায় তার অন্তিম যাত্রায়; আজও তার ব্যতিক্রম হলো না। তড়িঘড়ি করে গোসল করে, জামা-কাপড় বদলিয়ে প্রতাপ খুঁড়োর শ্মশান যাত্রায় শামিল হলো সে। এক সময়ের মহা পরাক্রমশালী প্রতাপ সিংহ রায় চৌধুরী (সকলের প্রতাপ খুঁড়ো) আত্মীয় ও প্রতিবেশীদের কাঁধে চড়ে চলেছেন তার জীবনের শেষ যাত্রায়।
খাল পাড় ধরে কিছুদূর গেলে গ্রামের শেষ মাথায়, খালের ধারে গ্রামের একমাত্র শ্মশান। মরা খালে এখন জোয়ার লেগেছে—অমাবস্যার অন্ধকারে চিতার ছাই ভস্ম ধুয়ে নিয়ে যাওয়ার হয়ত এটা আগাম প্রস্তুতি। কারণ প্রকৃতি তার কোনো কাজ অপূর্ণ রাখতে পছন্দ করে না।
রাত নেমেছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার; আলোর উৎস বলতে শুধু রাতের আকাশে দীপ্যমান হাজার হাজার নক্ষত্র, আর শ্মশানে জ্বলতে থাকা প্রতাপ খুঁড়োর চিতা। রাতে যখন চিতা জ্বলে, সেই চিতার আগুনের সাথে আকাশের নক্ষত্রের তৈরি হয় এক ব্যাখ্যাতীত প্রগাঢ় সংযোগ; নক্ষত্রের মতোই জীবনের আয়ু জ্বেলে এক সময় চিতা নিভে যায়; তার সাথে মুছে যায় কোনো এক মানুষের অলিখিত ইতিহাস। খুঁড়োই ছিলেন সিংহ রায় চৌধুরী বংশের আভিজাত্যের শেষ সন্তান; খুঁড়োর মতোই চিতার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল এক সম্ভ্রান্ত সময়।
গ
বিকেল থেকে খাঁ সাহেবের মনটা ভালো নেই, অন্যান্য দিন মাগরিবের নামাজ পড়ে তিনি বাড়ি চলে যান, আবার এশার ওয়াক্তে মসজিদে আসেন; কিন্তু আজ আর বাড়ি গেলেন না তিনি, বাড়ি যেতে তার ইচ্ছা করছিল না। অলসতা, আর হতাশা দুটোই যেন পেয়ে বসেছে তাকে; ছোট্ট রহিম চোখের সামনে বড় হয়ে গেল, আজ বাদে কাল তার বিয়ে; অথচ তার প্রাণ প্রিয় ওমর যেন হাওয়ায় মিলিয়ে গেছে; কোথাও তার চিহ্নটুকু নেই। ওমরকে হারাবার বেদনা তাকে বড় ব্যথিত করে—আজ আবার সেই বেদনা তাকে আচ্ছন্ন করে ফেলেছে। এশার আজান অবধি ইমাম সাহেবের সাথে সুখ-দুঃখের আলাপ করে কাটিয়ে দিলেন।
ইমাম সাহেব ছাড়া মন খুলে ব্যক্তিগত আলাপ করার মতো এই গ্ৰামে আর কেউ নেই খাঁ সাহেবের। এই গ্ৰামে সবাই তাকে সমীহ করে, ভয় পায়; তাই নিজের দুর্বলতা তিনি কারও কাছে বিশেষ একটা প্রকাশ করতে চান না; অবশ্য হুমায়ুনের আম্মার কথা আলাদা, তবে মেয়ে মানুষের সাথে সংসারের আলাপ ব্যাতিত অন্য আলাপ বেশিক্ষণ করা যায় না, করলেও মনে কোনো প্রশান্তি পাওয়া যায় না।
ইমাম সাহেব প্রায় খাঁ সাহেবের সমবয়সি, অথবা বড়জোর দু-চার বছরের ছোট হতে পারেন; সেই যুবক বয়স থেকে এই মসজিদের ইমামতি করছেন, তখন থেকেই খাঁ সাহেবের সাথে তার সখ্যতার শুরু—সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ তা পরিণত হয়েছে গভীর আস্থাশীল আন্তরিকতায়। এতো বছরের অভিজ্ঞতার আলোকে এখন খাঁ সাহেবের মুখ দেখেই তার মনের গতি আন্দাজ করতে পারেন ইমাম সাহেব।
সবাই নামাজ পড়ে চলে গেলে দরমুজ খাঁকে অনেক সান্তনা দিলেন ইমাম সাহেব; অনেক আলাপ করলেন দুজনে বসে। দিল্লির সুলতান শাহী, সুলতানা রাজিয়ার বীরোচিত উত্থান, সেনাপতি ও আমাত্যদের প্রাসাদ ষড়যন্ত্র, এবং রাজিয়ার করুণ পরিণতি—কিছুই বাদ গেল না সেই আলাপে।
—ইমাম সাহেব, কী পাপ করেছিলাম?—ছেলেটা উচ্ছন্নে গেল, আর যে আমার বংশের প্রদীপ জ্বালিয়ে রাখতে পারত—সেই ওমর আজ ঘর ছাড়া; কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। ছেলেটার কথা মনে পড়লে দুনিয়ার সবকিছু অর্থহীন মনে হয়, কিছুই ভালো লাগে না।
—সবই আল্লাহর পরীক্ষা, খান সাহেব। আল্লাহ বিপদ দেন, আবার তিনি বিপদ থেকে উদ্ধার করেন; তিনি উত্তম পরিকল্পনাকারী। ওমরকে নিয়ে কোনো চিন্তা করবেন না, শুধু দোয়া করবেন; যেখানেই থাক, ছেলেটা যেন ভালো থাকে। ওমর খুব শান্ত ছেলে, এবং আপনার মতো সাহসী—আল্লাহ ওমরকে হেফাজত করবেন।
দরমুজ খাঁকে অনেক বোঝালেন ইমাম সাহেব, তবু দরমুজ খাঁ মনে শান্তি খুঁজে পেলেন না। নিজের কৃতকর্মের অপরাধ কেউ খুঁজে পায় না, স্বীকারও করতে চায় না; তদ্রুপ দরমুজ খাঁও বুঝতে পারলেন না—কী তার অপরাধ? অথচ আশ-পাশের দু দশ গ্রামের ভিটেমাটি হারানো বহু মানুষের আহাজারি; খান সাহেবের বিরুদ্ধে হিন্দুদের অজস্র অভিযোগ, অভিশাপ মাটিতে কান পাতলেই শোনা যায়; কিন্তু সেই কথা খাঁ সাহেবের মুখের উপরে বলার সাহস কারও নেই—ইমাম সাহেবেরও না।
এটা তো দিবালোকের মতো স্পষ্ট—এই যে হাজার হাজার বিঘা সম্পত্তি, অর্থ-কড়ি, এটা তো আর একদিনে এমনি এমনি হয়নি। যদিও গৌড় বিজয়ের পুরস্কার স্বরূপ সুলতানের পক্ষ থেকে প্রচুর উপহার, উপঢৌকন ও জমি পেয়েছিলেন খাঁ সাহেব; আবার তিনি নিজেও শক্তি ও মেধা দিয়ে অনেক সম্পত্তি অর্জন করেছেন।
অর্থ এবং সম্পত্তি একবার যেখানে জমা হতে শুরু করে—অর্থনীতির চিরন্তন সূত্র অনুযায়ী সেখানে এক দুর্দমনীয় শক্তির আবির্ভাব ঘটে; আর সেই শক্তি আরও অর্থ-কড়ি-সম্পত্তি চুম্বকের মতো কাছে টেনে নেয়, অন্তিমে পরিণত হয় এক বিশাল শক্তিতে—খাঁ সাহেবের বেলায়ও এটাই ঘটেছে। সবচেয়ে বড় কথা ভাগ্য একবার যাকে সহায়তা দেয়, তার কোনো অপূর্ণতা থাকার কথা নয়; তবু মাঝে মাঝে খাঁ সাহেবের মনে হয়, এই সহায়-সম্পত্তি দিয়ে কী হবে? যদি সংসারে কোনো সুখ না থাকে।
চাঁদের মতো ফুটফুটে একটা মেয়ে হয়েছে হুমায়ুনের, তবু সংসারের প্রতি কোনো দায়-দায়ীত্ব নেই তার; আগের মতোই ছন্নছাড়া রয়ে গেছে সে। এই সব কথা ভাবতে ভাবতে বাড়ির পথে পা বাড়ালেন খাঁ সাহেব।
এশার নামাজ পড়ে বাড়িতে ঢুকে খাঁ সাহেব দেখলেন, দাদির কোলে জড়সড় হয়ে বসে আছে হুমায়ুনের মেয়ে লায়লা; তার বয়স প্রায় পাঁচ বছর, সারা বাড়ি প্রজাপতির মতো উড়ে বেড়ানো তার স্বভাব; কিন্তু যখন তার আম্মা ও আব্বা ঝগড়াঝাঁটি করে, অথবা আম্মা কান্না-কাটি করে, তখন ভীতসন্ত্রস্ত হয়ে দাদির কোলে আশ্রয় নেয় লায়লা। বয়স পাঁচ বছর হলে কী হবে, মুখে তার সারাদিন খৈ ফুটতে থাকে; দাদার কলিজার টুকরা সে, আর দাদি তাকে সব সময় হুমায়ুন ও মেহের বানুর দাম্পত্য কলহ থেকে দূরে সরিয়ে রাখেন।
মেহের বানু সন্ধ্যা থেকে মরা কান্না করছে; চাইলে আরও দু এক প্রহর অনায়াসে কান্নাকাটি চালিয়ে যেতে পারত; কিন্তু শ্বশুর বাড়ি ফেরায় আপাতত কান্না থামিয়ে রাতের খাবার পরিবেশনের কাজে লেগে গেল। বাড়িতে ঢুকেই বাড়ির আবহাওয়া টের পেলেন খাঁ সাহেব; কিন্তু কিছু না বোঝার অভিনয় করে স্ত্রীকে বললেন,—’হুমায়ুন ফেরেনি?’
—না, আজও ফেরেনি; বউটার মুখের দিকে তাকানো যায় না।
বিলকিসের মতো হুমায়ুনের সব উশৃঙ্খলতা মুখ বুজে সহ্য করার মেয়ে মেহের বানু নয়। হুমায়ুনের শত অবহেলা, অত্যাচার নীরবে সহ্য করে নিয়েছিল বিলকিস বানু; কোনদিন সে কোনো প্রতিবাদ করেনি; হয়ত সেই কারণে বিলকিসের নীরবতাকে ভয় পেতো হুমায়ুন। অথচ মেহের বানুর ব্যাপারটাই আলাদা; স্বামীর প্রতিটি অন্যায় আচরণের প্রতিবাদ করা যেন স্ত্রী হিসেবে তার নৈতিক দায়িত্ব; আর এই দায়িত্ব পালনের ক্ষেত্রে তার কোনো ক্লান্তি নেই, গাফিলতি তো মোটেই নেই। ফলে স্বামী-স্ত্রীর মধ্যে সারাদিন খিটিমিটি লেগেই থাকে; মাঝে মাঝে পরিস্থিতি দু’জনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়; বাড়ির তিন-চার জন কাজের মেয়ে তখন একত্র হয়েও মেহের বানুকে সামলাতে পারে না।
মেয়েকে বাড়ি নিয়ে যাবার জন্য মেহের বানুর আব্বা অনেক বার এসেছে, কিন্তু প্রতিবার খাঁ সাহেব তার বন্ধুকে বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছেন।
ঘ
বহুদিন পরে আবার আজ রাতে কুমোর পাড়ায় এসেছে হুমায়ুন; নতুন বোষ্টমী রাতের আসর জমিয়ে রেখেছে—এই খবর সে পরিতোষের কাছ থেকে কয়েকদিন আগেই পেয়েছে; আজ আসি কাল আসি করে এই কয়দিন আসা হচ্ছিল না। কুমোর পাড়ায় নতুন বোষ্টমী এসেছে, অথচ হুমায়ুন তার সঙ্গীতের সুধা পান করেনি, এমন ঘটনা বিরল; এতোটা অবিবেচক হুমায়ুন নয়, আর নিষ্ঠুর তো নয়ই।
অনেক দিন পর হুমায়ুনের দর্শন পেয়ে সবাই খুশি, বিশেষ করে ভূবন পাল। হুমায়ুনকে জড়িয়ে ধরে ভূবন বললো,—’এতো দিন পরে এলে ছোট কর্তা; আমাদের উপর গোস্সা করেছ বুঝি?’
—না, কাকা, গোস্সা করব কেন? বরং আমার কারণে তোমাদের অনেক ক্ষতি হয়, এই জন্য ইচ্ছা থাকলেও আসি না।
—আমি বলি কী, তুমি আগের মতো আবার আসা-যাওয়া করো কর্তা, এতে যদি খাঁ সাহেব রাগ করে, তবে তার রাগ ভাঙানোর কাজ আমার।
—ঠিক আছে কাকা।
উঠানে বসে থাকা পরিতোষকে ডাক দিয়ে ভূবন পাল বললেন,—’যা তো পরি, মালতীর ঘরে ভালো জিনিস আছে, ছোট কর্তার জন্য নে আয়—আমার কথা বলবি।’
কুমোর পাড়ার সর্দার ভূবন পালের প্রিয় শিষ্য হচ্ছে পরিতোষ; তাই ভূবন আদর করে পরিতোষকে মাঝে মধ্যে ‘পরি’ বলে ডাকে। গুরুর আদেশ শোনা মাত্র এক দৌড়ে পরি উঠান থেকে বেরিয়ে গেল।
কুমোর পাড়ার মালতির মহুয়ার স্বাদ যেন অমৃতের মতো; মালতির মহুয়ার সুনাম দূর-দূরান্ত পর্যন্ত পৌঁছে গেছে। মালতির মহুয়া আবার মালতির মতোই কড়া—মালতি এবং তার মহুয়া, এই দুইটাই হুমায়ুনের খুব পছন্দের।
উঠানে চাটাই পেতে সবাই গোল হয়ে বসে গাঁজার কোলকে বানাবার কাজে ব্যস্ত; প্রবাদ আছে ‘গাঁজা খায় রাজা’—সেই গাঁজার কোলকে বানানো আবার কম রাজকীয় কর্ম নয়। প্রতিটি গাঁজার আসরের একজন সেরা প্রস্তুতকারী থাকে, যার হাতের ছোঁয়ায় বানানো গাঁজার ধোঁয়া পৌঁছে যায় অমরাবতীর দ্বার পর্যন্ত। এই আসরের সেই শিল্পী হচ্ছে খগেন; চার কোণা একটি ছোট কাঠের টুকরোর উপরে লোহার কাঠনি দিয়ে যত্ন সহকারে গাঁজার পাতা কুচি কুচি করছে সে; আনুষাঙ্গিক কাজ করছে যতীন। তামাক পাতা পরিষ্কার করা (এটা গাঁজার সাথে না মেশালে নেশা ঠিক জমে না), নারকেলের শুকনো ছোবড়া দিয়ে কলকের মাপ অনুযায়ী আগুন তৈরি করা, কলকে পরিষ্কার করা, কলিকার নিচে মুখ লাগিয়ে টানার জন্য কাপড় লাগানো—কাজ নেহাত কম নয়।
কলকেতে গাঁজা ভরে উপরে নারকেলের ছোবড়ার আগুন বসিয়ে, কল্কের নিচে কাপড়ের ন্যাকড়া জড়িয়ে, প্রথম টান দিয়ে আসর শুরু করার জন্য কলকে ভূবন পালের হাতে এগিয়ে দিলো খগেন—গুরু ভক্তি আর কী।
হাতে হাতে ঘুরতে শুরু করেছে কলকে; এ ঘোরা এমন এক ঘোরা—আগুন না নেভা পর্যন্ত যার কোনো বিরতি নেই; যেন কোনো এক কৃষ্ণগহ্ব কে কেন্দ্র করে ঘুরছে কোনো এক আকাশগঙ্গা।
ইতোমধ্যে পরিতোষ মহুয়া নিয়ে চলে এসেছে; সে-ও যোগ দিয়েছে কলকের উৎসবে। সঙ্গীতের স্বর্গীয় সুধা হৃদয় দিয়ে অনুভব করার পূর্বে বুদ্ধির গোড়ায় একটু ধোঁয়া না দিলে আধ্যাত্মিক ইন্দ্রিয় কি জাগ্রত হয়?
সবাই কোলকে টানছে, শুধু একা এক কোণে বসে আছে হুমায়ুন; অমাবস্যার অন্ধকারে মালতির মহুয়ায় চুমুক দিয়ে সে দেখছে, যেন জোনাকির মতো আলো জ্বেলে কলকেটা উড়ছে আর উড়ছে।
কলকেতে একটা টান দিয়ে হুমায়ুনকে ইঙ্গিত করে মাধবীলতা বললো,—’কী গো বড়লোকের বেটা, দেবে নাকি এক টান আমাদের সাথে?—নাকি আমাদের সাথে টানলে তোমার জাত যাবে?’
মাধবী এই আসরের মধ্যমণি; আরও একজন বোষ্টমী আছে, নাম কৃষ্ণা; কিন্তু রূপে, গুণে, সুর আর সম্মোহনী ক্ষমতায়—সবদিক দিয়ে মাধবী অতুলনীয়া।
—জাত যাবার ভয় থাকলে এখানে কি আমি আসতাম? আসলে আমার অভ্যাস নেই, ভূবন কাকাকে জিজ্ঞেস করে দেখো, মাধবী।
ঘন কালো চুল মাথার উপরে খোঁপা করা, সেই খোঁপা পর্বতের মতো আকাশের দিকে তাকিয়ে আছে; খোঁপায় ফুলের মালা, কপালে তিলক, গলায় গুঞ্জার মালা; শাড়ি আর শরীরের যুগল দ্বৈরথে অভ্যস্ত মাধবীলতা যেন আমরার অপূর্ব অপ্সরা। রহস্যময় তার চাহনি, হাসলে ললাটে পড়ে অপূর্ব টোল; মাধবী হয়ত জানে তার ললাটের এই প্রগাঢ় টোলের অপার আকর্ষণের ক্ষমতা, তাই সে হাসে—কারণে ও অকারণে। ভরা নদীর জলে মাঝে মাঝে যখন ঘুর্ণি তৈরি হয়—সেই ঘূর্ণির ভিতরে পড়লে যেমন ডুবে যাওয়া ছাড়া উপায় থাকে না; তেমনি মাধবীর টোল পড়া হাসির আকর্ষণে যে কোনো পুরুষ পতঙ্গ মুহূর্তে জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে পারে; মাধবী লতা যেন আজ এই অমাবস্যা রাতের রহস্য-রাগিনী।
মালতির মহুয়ার মাদকতা হুমায়ুনের রক্তে মিশে মস্তিষ্কে পৌঁছে গেছে; কলকে হাতে মাধবীকে দেখে হুমায়ুন অভিভূত; যদিও এমন দৃশ্য তার কাছে নতুন নয়, তবু আজকের মাধবী যেন আপদমস্তক অদ্ভুত অনল। মাধবীর দিকে তাকিয়ে হুমায়ুন ভাবে—মাধবী সুন্দরী, সব বোষ্টমী সুন্দরী, এমনকি নটীরাও; তবু সংসার কেন তাদের ধরে রাখতে পারে না? কী কারণে, কোন আকর্ষণে মাধবীর মতো মেয়েরা সংসার ত্যাগ করে পথকেই আপন করে নেয়? তবে কি সংসার সুন্দরীদের প্রকৃত স্থান নয়? সুন্দরীদের প্রতি এটা কী বিধাতার অভিশাপ, নাকি আশির্বাদ? রূপসীদের সাথে বিধাতার কেন এই রসিকতা!
—অমন করে আমার দিকে তাকিয়ে কী দেখছিস বাবু? মেয়ে মানুষ কি আগে দেখিসনি?
—দেখেছি মাধবী, কিন্তু তোমাকে তো দেখিনি।
—বাহ্, বাবু তুমি তো খুব রস দিয়ে কথা বলো। ওলো কৃষ্ণা, সই একটা গান ধর দিকিনি।
রাত গভীর হতে শুরু করেছে, অমাবস্যার রাত, অন্ধকার রাত। যদিও এই অন্ধকারের মাঝেও মেঘমুক্ত আকাশের বুকে কোটি কোটি নক্ষত্রের ক্ষীণ আলোয় আলোকিত বিশ্ব প্রকৃতি। ঢোল, করতাল, একতারা, আর কৃষ্ণার গানের করুণ সুর একত্রিত হয়ে তৈরি করেছে এক নান্দনিক নীরবতা; সবাই নিশ্চুপ, এমন কী প্রকৃতিও; যেন সবাই মগ্ন কৃষ্ণার গানের সুরে।
ইতোমধ্যে আরও একবার কল্কের আলো সবার হাতে হাতে জ্বলে নিভে গেছে; গাঢ় থেকে প্রগাঢ় হয়েছে নেশা। পাথরের মূর্তির মতো বসে আছে প্রবীণ প্রজ্ঞাবানা ভূবন পাল; জীবনের তিন কাল দেখা হয়ে গেছে, এখন তার দিকে তাকিয়ে আছে চিতার আগুন। জীবনে কম তো আর দেখা হলো না—তার চোখের সামনে দিয়ে চলে গেছে পলাতক রাজা লক্ষণ সেন, এই নদী পথ ধরে। নদীর অনেক ভাঙা-গড়া দেখেছে তার দুচোখ; এতো দিনে সে যাপিত জীবনের অভিজ্ঞতায় জেনেছে—নদীর মতোই জীবন ও সংসার একদিকে ভাঙে, এক দিকে গড়ে। প্রতাপ খুঁড়োর মৃত্যুর সংবাদ সে পেয়েছে বাড়িতে আসার পরে; তা না হলে এতক্ষণ সে আর সবার সঙ্গে শ্মশানে থাকত। হয়ত এতক্ষণে চিতা নিভে গেছে, শেষ হয়ে গেছে অনেক স্মৃতি।
রাতের রহস্যকে আরও রহস্যময় করে দিতে মাধবী গাইতে শুরু করেছে; ধোঁয়া আর মদিরার মাদকতা মস্তিষ্কে তুলেছে তোলপাড়—সবাই তন্ময় হয়ে শুনছে মাধবীর গান—
ভ্রমর আমার খাইলো মধু
দুঃখ কেন বুঝলো না;
চোখে এখন মরুর ধূ ধূ
মনের জ্বালা ঘচলো না।
দিন কেটে যায় পথের পানে
সকাল গিয়ে সন্ধ্যা নামে;
এখন আমার সকল গানে
খুঁজি তারে নিশি রাতের মধ্যযামে।
কোন দেশেতে তোমার বাড়ি
কোথায় করো বিচরণ?
তোমায় ছাড়া থাকতে নারি
জীর্ণ হলো এ যৌবন
কোথায় করো বিচরণ।।
বিলকিসের বেদনা হুমায়ুনকে কুরে কুরে খাচ্ছে; বিলকিসের সাথে কোনদিন সে তর্ক করার সুযোগ পায়নি, সেই সুযোগ বিলকিস কোনদিন তাকে দেয়নি; আর বিলকিসের গায়ে হাত তোলার তো প্রশ্নই আসে না। বিলকিস কখনো তার কোনো কাজের প্রতিবাদ করেনি; কোনদিন জানতে চায়নি—রাতে বাড়ি আসেননি কেন, সারারাত কোথায় ছিলেন? অথচ এখন বিলকিসের বিরুদ্ধে একটি অক্ষম আক্রোশ, অপরাধবোধ তাকে তাড়া করে বেড়ায়। নীরবে মুখ বুজে তার সব অত্যাচার সহ্য করে বিলকিস তাকে যে শিক্ষা দিয়ে গেছে—সারা জীবন তার সাথে তুমুল ঝগড়াঝাঁটি করেও মেহেরজান তা দিতে পারবে না; নীরবতা এমনই এক শক্তি।
বিলকিস মরে গিয়ে হুমায়ুনকে স্বাধীন করে দিয়ে গেছে, সাথে দিয়ে গেছে এক অদ্ভুত শাস্তি; যে শাস্তি এড়াবার ক্ষমতা হুমায়ুনের নেই; আর এদিকে ওমর ঘর ছেড়ে পিতাকে করেছে বিদ্রুপ; এখন আমৃত্যু অনুশোচনা করা ছাড়া হুমায়ুনের সামনে অন্য কোনো পথ খোলা নেই।
(চলবে)



