
সেদিন হঠাৎ ভিড়ের মাঝে তোমার দেখা পেলাম।
হৃদস্পন্দন যেন কয়েকশ’ গুণ বেড়ে গেলো হঠাৎ।
চোখ আমার ঝাপসা, শরীর ভারী, শুরু হলো
মন মস্তিষ্কের অদ্ভুত দোটানা।
মস্তিস্ক বললো, ‘ফিরে যাও মেয়ে’
মন বললো, সময় থেমে যাক কিছুক্ষণের জন্য।
তুমি হাতছানি দিয়ে আমায় ডাক দিতেই,
মনে হলো চারিদিকে ভীড়ের আওয়াজ, গাড়ির হর্ন সব থেমে নিশ্চুপ কিছুক্ষণের জন্য।
এই আমি এমনিতে ভীষণ শক্ত মনের, হঠাৎ গলে জল।
সামনে এলাম, সেই গভীর শালীন চোখ, উঁচু নাক, আর দুষ্টুমি ভরা হাসি।
তোমার নীল শার্টের ভাঁজে আমার হৃদয়ের টুকরোটা আজও আটকে আছে বুঝি,
থাক সে ওখানেই, তোমার কাছে তোমার শরীরের উষ্ণতায় জড়িয়ে।
কত কথা যে বলার ছিল,আজও বলা হলো না,
শব্দ খুঁজে পাই না যে!
অতঃপর কুশল বিনিময়,আবার দেখা হওয়ার মিথ্যে প্রতিশ্রুতি, বাড়ি ফিরে আসা।
কোনো মরু প্রান্তরে গুলমোহরের গাছ দেখেছো কখনো?
এই দেখা হওয়াটাও বোধহয় আমার শূন্য জীবনে
অনেকটা তেমনই।
এই ক্ষণটুকু নিয়েই হয়তো কেটে যাবে আরো কয়েকটা বছর।
একেই কি ভালোবাসা বলে? জানা নেই আমার।



