
অনলাইন শিক্ষা বিশ্বে নতুন বৈষম্য সৃষ্টি করছে- প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে দূর শিক্ষণ ও অনলাইন শিক্ষাকে ‘বৈশ্বিক জনকল্যাণ হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সবার সুযোগ না থাকায় সংকটকালীন সময়ে দূর শিক্ষণ এবং অনলাইন শিক্ষা বিশ্বে নতুন বৈষম্য সৃষ্টি করছে।
আজ (বৃহস্পতিবার) প্যারিসে স্থানীয় সময় বিকেলে ইউনেস্কো সদরদপ্তরে ৪১তম সাধারণ অধিবেশনে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, করোনা অতিমারির কারণে প্রাপ্তবয়স্ক, তরুণ ও স্কুলের শিক্ষার হার বৃদ্ধিতে কয়েক যুগের অর্জন ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রযুক্তি ও সম্পদের সীমাবদ্ধতা অতিমারির সময়ে দূরবর্তী ও অনলাইন শিক্ষায় বৈষম্য সৃষ্টি করছে। শেখ হাসিনা বলেন, উন্নত দেশগুলো দ্রুত অনলাইন প্ল্যাটফর্মে চলে যেতে পারে। কিন্তু উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশগুলো সম্পদ ও প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে আরও পিছিয়ে পড়েছে।



