
ইমন হোসেন
আমাকে ডাকছে আলো,
লাবণ্যের সবটুকু উজাড় করে হাতছানি দিচ্ছে শুভ্রতা;
ভ্রান্তির মায়াজাল ছিন্ন করে,
অশুভ আঁধারের দরিয়া পেরিয়ে,
আমি যাবই,আমাকে যেতেই হবে,
অনুপম প্রভাতের অনাবিল সৈকতে।
ডানা ঝাঁপটিয়ে যেভাবে ধূলাবালি ঝেড়ে ফেলে পাখি,
সেভাবেই আমি উড়িয়ে দেবো বিষণ্ণতার সব ক’টি আঁধার,
বিবর্ণতার বিস্তীর্ণ কুয়াশা টুটিয়ে,
স্নিগ্ধ সূর্যের মতো জ্বলে উঠব আবারও,
আবারও সৌরভ ছড়াবে জীবনের হাসনাহেনা।
নিরুত্তাপ কাঠিন্যে দুঃখের সাথে ঘোষণা করছি বিচ্ছেদ,
অন্তিম নিঃশ্বাস পর্যন্ত গ্লানির সাথে আর কোন আপোস হবে না,
মোহের মাধ্যাকর্ষণে আর মিলবে না সাড়া,
আমাকে পাবে না আর ঐন্দ্রজালিক প্রেম,
আমিও যাব না আর মরিচীকার মায়াবী ছলনায়।
অশান্ত আগুনের ঝাঁপটায়,
আমি আর জ্বলবো না নির্বাক;
এবার অদাহ্য হবো, দুর্দমনীয় হবো অস্তিত্বের মিছিলে।
আলোতে অবগাহন করে,
আবারও চোখ মেলবো নির্মল স্নিগ্ধতায়!



