
বৃষ্টিসুলভ তোমার আচরণ
হঠাৎ মনে এ কোন্ আহাজারি
মেঘের ওপর জমছে কেবল মেঘ
অন্তঃপুরে বৃষ্টি হলো ভারি।
মধ্যরাতে মনখারাপের কারণ
সুকৌশলে এড়িয়ে যেতে পারি
জাপটে ধরা সুখও খোঁজা বারণ
বিষণ্নতাই সুদূরপ্রসারী।
খামখেয়ালে নাই বা দিলে ডাক
ফিরতে চাওয়া ইচ্ছে অর্ধমৃত,
যে পথ ছিল শুধুই তোমার আমার
সে পথ এখন ধূসর ও বিস্মৃত।
আষ্টেপৃষ্ঠে বাঁধতে কেবল চাও
হড়কাবানে ভাসবো না অক্লেশে
মনযাপনে জাগছি গোটা রাত
একটি জীবন স্বপ্নচারণ শেষে।



