
লুৎফুর রহমান চৌধুরী
বেলা শেষে হেসে হেসে
যাচ্ছে সে আজ চলে
কষ্ট তখন উঁকি দেয় আজ
যায়নি কিছু বলে।
রূপে রঙে অপরূপা
খোঁপায় গোঁজা ফুল
রোদের মাঝে ঝিলিক মারে
রেশমী কালো চুল।
রাঙা ঠোঁটের ভাঁজে ভাঁজে
লজ্জা ছিলো জমে
নিভু নিভু আগুন ছিল
সাদা রঙের মমে।
আলতা রাঙা পায়ে যে তার
মাথায় ভরা কেশ
আস্তে ধীরে যাচ্ছে হেঁটে
লাগছে সুন্দর বেশ।
কদম তলে গিয়ে যখন
ভাবি মনে মনে
তারই কথা মনে পড়ে
প্রতি ক্ষণে ক্ষণে।



