
সেদিন ছিল পূর্ণিমার এক রাত
আকাশ জুড়ে জ্যোৎস্না ছিল বেশ
রাত পাহারায় জোনাক ছিল একা
অনুযোগের হালকা ছিল রেশ।
অস্তরাগের আলোয় ভাসে মেঘ
ঘরে ফেরার অমোঘ পিছুটান
বুকে চাঁদের অকাল শ্রাবণ মাস
নালিশের আজ খুব ডেকেছে বান।
মেঘের যখন সুখের উদযাপনে
আঙুল ছোঁয়ার স্বপ্ন শিহরণ
চাঁদের তখন মনের ঘরে খিল
আড়ালে তার স্পর্শকাতর মন।
মেঘের এবার ভাসছে বসত ঘর
দিগন্তেতে তখন ভোরের মুখ
প্রসারিত হাতে ডেকেছে আরেকবার
তরুণ মেঘও দুঃসাহসী খুব!
চাঁদের মনে অভিমানের পাহাড়
এই সোহাগে নাইবা পড়ুক গলে
কিন্তু ওগো রাতরূপসী চাঁদ
তোমার দু’চোখ অন্য কথা বলে।



