
তোমার নতুন কেনা টিশার্টে আষাঢ় মাসের আকাশ,
তোমার বুকের কাছের ছোট্ট ঘরে বৃষ্টি ঝরার মাস।
তোমার বুকের সাথে জাপটে থেকে কাঁদার শখ হয়,
কাজল চোখের কাজল দেখে তোমার এত ভয়!
আচ্ছা জেনো,আর কখনো কাজল আঁকবো না,
তোমার টিশার্টে মেঘের কাজল মেঘ ঘষবো না।
তোমার রৌদ্র মাখা বুকের ঘরের সুবাস চাইবো না,
আমার বর্ষা নামা চোখের জলে তোমায় খুঁজবো না।
তোমার পায়ের কাছে ধুলোয় ভরা অন্ধকারের গান,
তোমার বৃষ্টি ভেজা পায়ের আঙুল সুরের ঐকতান।
তোমার পায়ের কাছে বৃষ্টি কুড়োই– ইচ্ছে ভীষণ হয়,
আমার অবুঝ মনের উষ্ণতাতে তোমার এত ভয়!
আচ্ছা শোন, অন্ধকারে ছড়িয়ে থাকা সুখ খুঁজবো না,
তোমার পায়ের নখে জড়িয়ে ছিল সুরের মূর্ছনা।
তোমার হাতের সাথে হাত মিলিয়ে বৃষ্টি ধরবো না,
আমার মনের ঘরের দুয়ারগুলো আর খুলবো না।।



