
মহসিন আলম মুহিন
এখনো উদিত হয়নি নতুন সূর্য,
যে আলোয় কেটে যাবে ঘোর।
বাতাসে নেই সুগন্ধ! থামে রণতূর্য,
কোন ঘ্রাণে মাতাবো এই অন্তর।
কালোমেঘ দলবেঁধে আঁটসাঁট,
কি যেন বলে তারা চুপিচুপি।
অপরিস্কার আগামীর পথঘাট,
তোলপাড় জীবনের প্রতিচ্ছবি।
বেদনার বালুচরে চোরাবালি জমা,
কখন কে মারে বিষাদের তীর।
জীবনে নেমে আসে গভীর কমা,
ছেড়ে দিতে হয় মোর জীর্ণ কুটির।
জন্মে অন্ধকার আঁতুড়ের ঘর,
অভাবে জ্বলেনি মাটির পিদিম।
মাঝখানের জীবনে বৈশাখী ঝড়,
আক্ষেপ ভরা-ভাণ্ডে ঘোড়ার ডিম।
ওপারের হিসাবে কি শূন্য লেখা?
তাহলে সর্বনাশ তীরে উঠা ভার।
হামেশা আমল নামা ফাঁকি রাখা,
তবে কি অমীমাংসিত জীবনের হার।।



