
রাহেলা আক্তার
জীবন নামের অদৃষ্ট রেখার প্রতিটি প্রান্তে
একটি যতি চিহ্ন থেকে যায়,
শুরু হয় গল্পের নতুন মোড়।
কোথাও হোঁচট খেয়ে, কোথাও থমকে দাঁড়িয়ে
অচেনা গলিতে আঁকড়ে ধরে অন্ধকার।
হঠাৎ মেঘমালা বেধ করে উদিত হয় শশী
যদিও ঝলসানো, আলোকরশ্মির আলোক ছটায়
দূরীভূত করে তমসাচ্ছন্ন ঘোর।
জ্যোৎস্নায় আলোকিত করে নির্জন কানন
পত্রঝরা গোলাপের পাপড়ি মেলে,
পরিপূর্ণ হয় রক্তাক্ত গোলাপ।
গোলাপের নির্যাসে গুঞ্জন করে ভ্রমর-
ক্ষত বিক্ষত করে দেয় এনালগ ঘড়ির
সময় নির্দেশক বাহু, ছুঁতে পারেনি রক্তরস।
বিশ্বাসের মোড়ক ছিদ্র হয়ে যায়
চিরকুটের অগ্নিতে, নির্ভীকতা হতাশায় দগ্ধ হয়,
থেকে যায় জীবনের পরিপূর্ণতা
অসমাপ্ত পান্ডুলিপির মলাটে।



