
আইসিসির নতুন চেয়ারম্যান গ্রেগ বারক্লে
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান গ্রেগ বারক্লে আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র নির্বাচনে জয়ী হওয়ার দৌড়ে তিনি পাকিস্তানের ইমরান খাজাকে পেছনে ফেলেছেন। শশাঙ্ক মনোহারের পর আইসিসির দ্বিতীয় স্বাধীন চেয়ারম্যান বারক্লে।
এবার চেয়ারম্যান নির্বাচনে দুইবার ভোটিং হয়েছে। প্রথম ভোটিংয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের ভোট পান নি বারক্লে। তবে দ্বিতীয়বার প্রোটিয়াদের মাধ্যমেই কাঙ্ক্ষিত ১১টি ভোট পেয়ে তিনি জয়ী হন। গত জুলাইয়ে শশাঙ্ক মনোহর দায়িত্ব থেকে পদত্যাগের পর আইসিসির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন ইমরান খাজা। এবার তার কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন গ্রেগ বারক্লের।
গ্রেগ বারক্লে ও ইমরান খাজার মধ্যে হওয়া এ নির্বাচনের নিয়মে বলা ছিল, ১৬ ভোটের মধ্যে অন্তত দুই-তৃতীয়াংশ (১১ ভোট) পেলে জয়ী হওয়া যাবে। যে কারণে প্রথম দফার ভোটে ১০-৬ ব্যবধানে এগিয়ে থেকেও বিজয়ী হননি বারক্লে। পরে দ্বিতীয় দফায় দক্ষিণ আফ্রিকার ভোট পেয়ে আইসিসি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান।
পেশাগতভাবে একজন আইনজীবী হলেও ২০১২ সাল থেকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালক পদে রয়েছেন গ্রেগ বারক্লে। তিনি ২০১৫ সালে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপের অন্যতম পরিচালক ছিলেন। বারক্লে সর্বশেষ কিউই বোর্ডের প্রধানও ছিলেন। তবে এখন স্বাধীনভাবে আইসিসির দায়িত্বগ্রহণ করায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পদ তাকে ছাড়তে হবে।
আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হওয়া অনেক বড় সম্মানের বিষয়। আমার উপর আস্থা রাখায় আইসিসির অন্যান্য পরিচালকদের ধন্যবাদ জানাই। আমি আশা করি, আমরা সবাই একসঙ্গে মিলে ক্রিকেটকে আরও ভালো অবস্থানে নিতে পারবো।’
পরাজিত প্রার্থী ইমরান খাজাকে ধন্যবাদ জানিয়ে বারক্লে বলেন, ‘অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ইমরান খাজাকে ধন্যবাদ জানাতে চাই। খেলাটির কঠিন সময়ে তিনি শক্ত হাতে হাল ধরেছেন। ভবিষ্যতেও তার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে যাব।’❐



