
আটলান্টিক সিটিতে পবিত্র ঈদুল আযহা উদযাপিত
আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জার্সির আটলান্টিক সিটিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
গত ৯ জুলাই, শনিবার সকালে আটলান্টিক সিটির বিভিন্ন মসজিদে প্রবাসী বাংলাদেশি আমেরিকান মুসলিম সম্প্রদায়সহ বিপুল সংখ্যক মুসলিম ঈদের নামাজ আদায়ের জন্য সমবেত হন।
আটলান্টিক সিটির ২৪২৬, আটলান্টিক এভেনিউয়ে বাংলাদেশি আমেরিকানদের অর্থায়নে নির্মিত ও তাদের ব্যবস্থাপনায় পরিচালিত আল হেরা মসজিদে ঈদের জামাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসলিমসহ অন্যান্য কমিউনিটির মুসলিমরাও অংশ নেয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসলিম নারীরাও ঈদের জামাতে অংশ নেয়। ঈদের নামাজ পর খুৎবা শেষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ-সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। ইমামতি করেন মসজিদ আল হেরার খতিব, মুহাদ্দিস আজিম উদ্দিন। এখানে দু’টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আটলান্টিক সিটির ১৬, উত্তর ফ্লোরিডা এভিনিউয়ে বাংলাদেশি আমেরিকানদের পরিচালনায় ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হয়েছে ঈদের অন্যতম বৃহত্তম জামাত। এখানে বিপুল সংখ্যক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। পুরুষদের পাশাপাশি নামাজের জন্য ভিন্ন ব্যবস্থা থাকায় বিপুল সংখ্যক নারীও ঈদের নামাজ আদায় করেন। ঈদ জামাতে ইমামতি করেন মওলানা আব্দুর রহমান আল মাদানী।
আটলান্টিক সিটির ২৩০১ বোর্ডওয়াকে অবস্হিত জিম হুইলান বোর্ডওয়াক হলে বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতে ইমামতি করেন শেখ মুআদ। এখানে নারীদের ঈদের নামাজ আদায়ের সুব্যবস্থা থাকায় বিপুল সংখ্যক নারীরাও ঈদ জামাতে অংশ নেন।
এছাড়া আটলান্টিক সিটির মসজিদ মুহাম্মদসহ অন্যান্য মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আটলান্টিক সিটি সংলগ্ন এগ হারবার টাউনশীপ, এবসিকন, গ্যালাওয়ে, নর্থফিল্ড সহ অন্যান্য শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশী মুসলিমরা তাদের সুবিধাজনক স্থানে ঈদের নামাজ আদায় করেন।
ঈদের নামাজ আদায় শেষে ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হয়ে মুসল্লিরা পরস্পরের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।



