
আট কোটি ভোট পেয়ে ইতিহাস গড়লেন বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো আট কোটির বেশী ভোট পেয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
নির্বাচিত কিছু ভোটের চূড়ান্ত গণনা বাকি থাকায় সামনের দিনগুলোতে আরও বাড়বে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের ভোট। বর্তমানে তার প্রাপ্ত ভোট ৮ কোটি ১১ হাজার।
আর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে এবারই ২য় সর্বোচ্চ ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার ভোট সাত ৭ ৩৮ লাখের বেশি। এরপরও বাইডেনের কাছে পরাজয় স্বীকার করছেন না ট্রাম্প।
এখনও আগের সেই অবস্থানেই আটকে রয়েছেন তিনি। মঙ্গলবার রাতে এক টুইট বার্তায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতির নির্বাচনে তিনি কখনও পরাজয় মেনে নেবেন না। ভুয়া ব্যালটের কাছে তিনি কখনও পরাজয় মেনে নেবেন না। আরেক টুইট বার্তায় ট্রাম্প বলেন, মনে রাখবেন, জিএসএ দুর্দান্ত এবং এমিলি মারফি দারুণ কাজ করেছে। তবে, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, সেটি জিএসএ ঠিক করে দেয় না।
নির্বাচনে বাইডেন পেয়েছেন ৩০৬ ইলেকটোরাল ভোট আর ট্রাম্প ২৩২টি। ২৭০টি ভোট পেলেই মার্কিন প্রেসিডেন্ট হওয়া যায়। এ বছর ডাকযোগে রেকর্ড পরিমাণ ভোট দিয়েছেন মার্কিনিরা।
এ কারণেই ভোট গণনায় অতিরিক্ত সময় লেগেছে। নির্বাচনে ভোট গণনায় দেরি হওয়ায় নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিলেন ট্রাম্প। পেনসিলভানিয়া, মিশিগান ও জর্জিয়ার রাজ্যের ইলেকটোরাল ভোট সার্টিফিকেশনের পর অঙ্কের হিসেবে ট্রাম্পের কাছে নির্বাচনে জয় দাবী করার মতো অঙ্ক মেলানোর সুযোগ অবশিষ্ট নেই। পেনসিলভানিয়া নিয়ে রাজ্যের সুপ্রিমকোর্টে হেরে যাওয়ার পর সার্কিট কোর্টে গেছেন ট্রাম্প। সেখান থেকে সুপ্রিমকোর্টে যাওয়ার কথা জানিয়েছেন ট্রাম্পের আইনজীবী।❐
সিএনএন ও এএফপি



