
আবুধাবিতে প্রধানমন্ত্রী
রূপসী বাংলা ডেস্ক:ইতালি এবং ভ্যাটিকান সিটিতে চার দিনের সরকারি সফর শেষে আবুধাবি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই-৮৪ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে রোম থেকে সেখানে পৌঁছায়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এই তথ্য জানায়।
ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বৃহস্পতিবার সকালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।
এর আগে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বুধবার রাতে ফিউমিসিনো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রেসিডেন্ট গিলবার্ট ফাউসন হোউংবোর আমন্ত্রণে রোমে সংস্থাটির ৪১তম গভর্নিং কাউন্সিলে যোগ দিতে এবং পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভ্যাটিকান সিটি সফরে ১১ ফেব্রুয়ারি সকালে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী ও তার সঙ্গীরা।
সেখানে গিয়ে সফরসূচী অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী যান ভ্যাটিকান সিটিতে। সেখানে পোপের কার্যালয়ে দেশটির রাষ্ট্রপ্রধান ও ক্যাথলিক ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠকে মিলিত হন দেশটির পররাষ্ট্রমন্ত্রী কার্দিনাল পিয়েত্রো পারোলিন। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি গুরুত্ব পায়।
এ সময় প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে ভ্যাটিকান সিটির ভূমিকা চান। বৈঠকে রোহিঙ্গাদের আশ্রয় ও এ ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেন পোপ ফ্রান্সিস।
১৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুয়াংবো’র আমন্ত্রণে সংস্থার ৪১তম পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে যোগদান করেন। সেখানে গভর্নিং কাউন্সিলের উদ্বোধনী সেশনে অংশ নিয়ে মূল বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
বক্তৃতায় তিনি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে উন্নয়ন অংশীদারদের গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগ করার আহ্বান জানান। লক্ষ্য অর্জনে উন্নয়ন অংশীদারদের আরও উদার হওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী।
ওই রাতে রোমে ইতালি আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থান তুলে ধরেন।
১৬ ফেব্রুয়ারি শুক্রবার ইতিহাদ এয়াওয়েজের ইওয়াই-২৫৮ ফ্লাইটে রাত ৮টার দিকে দেশে ফিরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।



