
লুৎফুর রহমান চৌধুরী
আমার কোন কষ্ট নেই,তবু শূন্যতা অনুভব করি
যত কষ্ট সবটুকুই জীবন নদীর বুকের জমিনে
সেই বক্ষে ঝড় ওঠে সময় অসময়ে—
দূর থেকে ভেসে আসে নদী ভাঙনের প্রকট শব্দ
সাগরের ঢেউয়ের মতো উলট-পালট হয়ে যায়
সুঁতোয় বাধা স্বপ্নগুলো!
স্নান করা বাঁধাই ঘাট আজ ভাসে জলের স্রোতে
হৃদয়ে নোঙর করতে পারে না সাহসী তরী ,
বারবার বারবার ছিঁড়ে যায় মজবুত দড়ি।
স্বপ্নগুলো ভেঙে যায় রাতের নিস্তব্ধ নিষ্ঠুর প্রহারে
মনের ভেতর ঘুমন্ত পাখি জেগে দেখে শূন্য বাগান
কন্ঠস্বর স্তব্ধ হয়ে যায় ভাবনা মৃত্যুর দুয়ারে দেখে
ভোরের আলো জেগে ওঠার আগে সবকিছু শেষ!
তবু রয়ে যায় হৃদয়ে সামান্য কাঠ পোড়া ছাই,
বাতাসের ছোঁয়ায় কখন জ্বলবে আঁধারে আলো
বুকভরা আশা নিয়ে রৌদ্রের অপেক্ষায় বসে থাকে,
অবহেলিত ছোট্ট জীবন—?
ঝড় কে জয় করে বেঁচে থাকতে চায়,
জীবন নামের সুখ দুঃখের নদী।



