
শাহজালাল সুজন
শ্যামাঙ্গিণী সোনার দেশটি
সবুজ ফসল ঘেরা মাঠে,
ঊর্বশী নদ খালে বিলে
সোনার তরী রূপের ঘাটে।
শাইল ধানের মিষ্টি ঘ্রাণে
ভেসে আসে শীতল বায়ে,
পানকৌড়িরা ডুব সাঁতারে
নদীর প্রেমে মিশে গায়ে।
পুব আকাশে রবির কিরণ
ঝলমলিয়ে আসে ধেয়ে,
ফুল কলিরা পাপড়ি মেলে
উষ্ণ আলোর ছোঁয়া পেয়ে।
কাশবনের ওই সাদা সারি
পবন ঢেউয়ে দুলে নাচে,
কপোত উড়ে নীল আকাশে
নীড়ে ফিরে লগ্ন আঁচে।
আপন করে আগলে বুকে
মা’র পরশে বিছায় পাটি,
মুক্ত আকাশ মুক্ত বাতাস
মা মাটি দেশ নিখাদ খাঁটি।



