
উঠোন জুড়ে উপচে পড়া রোদ
একমুঠো যেই মাখবো বলে নামি।
চোখ পাকিয়ে শেখায় মূল্যবোধ
আমার ভেতর আর একখানা আমি,
জীবন এখন শিখছে কেবল ঠকে
ফাঁক গলে যায় ঠুনকো যত সুখ।
জীর্ণ সেতুর প্রান্তে এসে দেখি
মুখোশ ছেড়া টুকরো টুকরো মুখ।
আমার এখন ফিরতে চাওয়া নিষেধ
পা বাড়ালেই গভীরতম খাদ,
ইচ্ছে করে পা বাড়িয়েই দেখি
ভ্রান্তি নাকি সত্যি মরণফাঁদ?
মাথার ওপর অষ্টাদশীর চাঁদ
ক্ষণিক মোহে ভ্রান্তি ভুলে যাই
বন্ধু হতে কি আর লাগে বলো?
স্বচ্ছতোয়া একফালি মনটাই।



