

তানিয়া সুলতানা
আমি এসেছিলাম
আমি এসেছিলাম দুয়ারে তোমার
তুমি আমায় ফিরিয়েও দাওনি
গ্রহণও করনি
তোমার এই নির্লিপ্ততা কত যে ভয়ংকর
তা শুধু আমিই জানি
তুমি চাওনি আমার প্রেমের প্রতাপে নত হতে
বরং তোমাকে দীর্ঘ উপেক্ষায়… যতটা ঘৃণা জমিয়ে রেখেছিলে
তোমার ঐ নরম কাদার মত মুখাবয়ব
আর তুষারের মত শান্ত মনে
সেটা তুমি বুঝিয়ে দিয়েছো আমাকে গ্রহণ বা প্রত্যাখ্যান না করেই!
আমি তোমাকে প্রেমের আফিমে ভুলিয়ে
নিঃসঙ্গ জীবন থেকে মুক্তি দিতে চেয়েছিলাম!
তুমি বুঝে গিয়েছিলে, এ তোমার মুক্তি নয়…
বরং শৃঙ্খল।
আর আমি বুঝেছিলাম,
তোমার নিঃসঙ্গতা, তোমার বিলাসী জীবনের সচ্ছলতা
তাই তো তুমি এতটা নির্লিপ্ত !
তুমি চেয়েছিলে বিশ্বস্ত এক জোড়া হাত, অথচ…
যে শূন্য হাত নিয়ে কেউ বহুকাল ধরে তোমার সম্মুখে দাঁড়িয়ে…
তুমি চাওনি সে হাত দুটি তোমার বুকে জড়াতে
অথচ তুমি প্রতিনিয়ত অবিশ্বাসীদের নিঃশ্বাসে ভিজেছো বারংবার ।



