
আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে অন্যান্য প্রার্থীরা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে ২৩০ বছর ধরে। কিন্তু রিপাবলিকান বা ডেমোক্র্যাটিক- এ দু দলের বাইরের মাত্র একবার প্রেসিডেন্ট হয়েছেন।
তিনি হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। তিনি ছিলেন একজন ‘স্বতন্ত্র’ প্রার্থী।
মার্কিন রাজনীতির এ দুই স্তম্ভ রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টি এমনভাবে মিডিয়ায় নির্বাচনী প্রচারে আধিপত্য করে এবং প্রচারণার জন্য চাঁদা তোলার ক্ষেত্রেও তারা এমনভাবে এগিয়ে আছে যে, এ দুই পার্টির বাইরের কারও জেতার সম্ভাবনা প্রায় শূন্য।
কিন্তু এই প্রায়-অনতিক্রম্য বাধার কথা জেনেও কেউ কেউ কিন্তু ভাবেন- যাই ঘটুক, আমি নির্বাচন করবই। এ রকম লোকের সংখ্যা কিন্তু নিতান্ত কম নয়।
যদি ৯ অক্টোবর পর্যন্ত হিসাবটার দিকে নজর দিই, তা হলে দেখা যাবে– প্রায় ১ হাজার ২১৬ প্রার্থী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী হতে ফেডারেল নির্বাচন কমিশনে আবেদন করেছেন।
কারা এরা? প্রেসিডেন্ট নির্বাচন করার ব্যাপারে এরা কতটা ‘সিরিয়াস’?
এদের একজন পিয়ানো বাদক ও বক্তা। আরেকজন আমেরিকান আদিবাসী ও তথ্যপ্রযুক্তিবিদ। শেষ জন শতকোটি টাকার ক্রিপটোকারেন্সির মালিক- সোজা কথায় বিলিওনিয়ার।
তাদের জিজ্ঞেস করা হয়েছিল, তাদের নির্বাচনী অঙ্গীকার কী এবং কেন তারা মনে করেন যে, তারা আমেরিকানদের ভোট পাওয়ার উপযুক্ত?
জেড সিমন্স একজন বহুমুখী প্রতিভার অধিকারী নারী। তিনি একজন সাবেক বিউটি কুইন। একজন পেশাদার পিয়ানোবাদক, একজন খ্রিস্টান যাজক, মানুষকে উদ্দীপ্ত করার মতো বক্তা, র্যাপার এবং একজন মা।
জেড সিমন্স নিজেই বলছেন, তিনি একজন ব্যতিক্রমী প্রার্থী- কিন্তু এখন সময়টাই ব্যতিক্রমী।
তিনি বলছেন, এটি এমন একসময়, যখন আমরা গতানুগতিক প্রাত্যহিক জীবনযাপন করতে পারছি না। আমি একজন নাগরিক অধিকার আন্দোলনকর্মীর মেয়ে এবং আমার বাবা আমাকে এ শিক্ষাই দিয়েছিলেন যে, কোথাও অভাব-অবিচার দেখলে তুমি নিজেকে প্রশ্ন করবে– তোমার নিজের কি এ ক্ষেত্রে কিছু করা প্রয়োজন?❐
বিবিসি



