আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে পারেন ভারতীয় নারী!
রূপসী বাংলা ঢাকা আন্তর্জাতিক ডেস্ক: এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে কোনো মহিলা বসেননি। ২০২০ এর নির্বাচনে প্রথমবারের মতো ইতিহাস গড়তে পারেন ভারতীয় বংশোদ্ভূত এক মহিলা। নাম তুলসী গব্বার্ড।
জিতলে আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হবেন তিনি। যদি না জেতেন, তবুও সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট পদপ্রার্থী, হিন্দু প্রার্থী— এরকম একাধিক ইতিহাস তৈরি করবেন তিনি। তবে তুলসী গব্বার্ড নিজে তার প্রার্থী হওয়ার কথা স্বীকার করেননি। আবার প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা উড়িয়েও দেননি।
মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভে চার বারের ডেমোক্র্যাট সদস্য তিনি। ভারতবিরোধী যে কোনো সিদ্ধান্তে তিনি সবসময়ই প্রতিবাদ করেছেন। সে কারণে মার্কিন প্রবাসী ভারতীয়দের কাছে তার জনপ্রিয়তা তুঙ্গে।
সম্প্রতি লস এঞ্জেলেসে এক সভায় মার্কিন প্রবাসী প্রখ্যাত এক ভারতীয় চিকিৎসক সম্পত শিবাঙ্গি তুলসী গব্বার্ড সম্পর্কে বলেন, ‘৩৭ বছরের এই তুলসীই ২০২০ সালে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট।’ পরে তুলসীও ওই মঞ্চ থেকে জনতার উদ্দেশে ভাষণ দেন।
তুলসীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তার নির্বাচনী টিম ইতিমধ্যেই প্রবাসী ভারতীয়দের মধ্যে প্রচার শুরু করে দিয়েছেন। সংবাদ সংস্থা পিটিআই-এর দাবি, ক্রিসমাসের আগেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে।
ডোনাল্ড ট্রাম্পের উত্তরসূরি বাছাইয়ের দৌড় শুরু হবে ২০২০ সালের ফেব্রুয়ারিতে আইওয়া ককেসাস দিয়ে। তারপর হ্যাম্পশায়ার, নেভাদা হয়ে শেষ হবে দক্ষিণ ক্যারোলিনায়।বাংলাদেশ জার্নাল



