কবিতাসাহিত্য

আর্টেমিস

তাহমিদ হাসান

আর্টেমিস,
আর একবার দেখাও তোমার নিখুঁত নিশানা।
রাজপথে লাশের মিছিল
হাসপাতালের বিছানায় এক ফোঁটা বিষ খোঁজে
বিপ্লবের আহত নায়ক;
অথচ নেতারা সব ব্যস্ত ভাগ বাটোয়ারা নিয়ে।

একদিন যারা ভোর এনেছিল
শোষকের রক্তচক্ষু উপেক্ষা করে;
আজ তারা মরে বেঁচে গেছে।
এখন তাদের স্বপ্ন নেই,
নেই কোনো স্বপ্নভঙ্গের বেদনা।

হায় অভ্যুত্থান,
আশার পারদ নামতে নামতে নেমে গেছে
পাতালেরও নিচে।
এখনও মোছেনি রক্তের দাগ
অথচ দিগন্তে বাজে আজ ব্যর্থতার সুর;
তবে কি আবার ভবিষ্যৎ অতীতের মতো অন্ধকার
তবে কি আবার কোনো এক বংশীবাদক আমাদের দিয়ে গেছে ধোঁকা?

লাশের হিসাবে গরমিল
বিদেশী মুদ্রার মুল্যবান খাতায় মিলেছে ব্যালেন্স শিট;
আমরা ছিলাম আগে বন্দুকের নিচে
এদিকে এখন বাস করি প্রাত্যহিত পরিতাপে।
প্রকৃতি পরাস্ত শুধু আমাদের কাছে
কিন্তু মানুষের শত্রু আজ কেবল মানুষ।

আগেও ছিলাম প্রতারিত
এখন আমরা অসহায়
এখনও দুর্নিবার দুর্নীতি
এখনও রাত্রি নামে ক্ষুধার জ্বালায়
এখনও বেতন বৈষম্য
রাজপথে বকেয়া বেতনের ন্যায্য আন্দোলন
এখনও পতিতার বিক্রিত দেহের
লভ্যাংশ ভাগ করে বিকৃত দালাল।

চেয়ার সিটিং এর খেলা
দেখে দেখে ক্লান্ত আমার স্বদেশ,
সবাই বসতে চায় মায়াবী চেয়ারে।
অথচ আমার চোখে ভাসে শহীদের মুখ
পুত্রশোকে পর্যদুস্ত পিতার প্রলাপ;
আমি কি আক্রান্ত তবে দুরারোগ্য দারুণ অসুখে?

হয়তো আবার চুরি হবে আমাদের ভবিষ্যৎ
হয়তো আবার বন্দি হবো আমরা আয়না ঘরে
দিন আর রাত্রির পার্থক্য মুছে দেবে পাতকিনী।
হয়তো আবার আমার মৃত্যুর জন্য দায়ী হবো আমি
হয়তো আবার নর্তক নেতার পিছনে ছুটবে সুশীল সমাজ।

তবু আর্টেমিস,
আর একবার দেখাও তোমার নিখুঁত নিশানা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension