
আর কতটা বাসলে ভালো
আর কতটা ঢাললে আলো
জুড়িয়ে যাবে সকল ব্যথা, মনের সকল ক্ষত?
সাঙ্গ হলেও বাদলধারা
এক ফালি মেঘ ভেসেই থাকে আকাশ কোণে
ঝরবে বলে বিদায়বেলা খুব গোপনে,
সেই ধারাতে নিদাঘ শেষে জুড়িয়ে নিও
বর্ষাসোহাগ মেখেই খানিক ভরিয়ে দিও
ভেতর দেশের সকল আঘাত, ফাটল শত শত।
আর কত পথ চললে সাথে
কতক্ষণ হাত রাখলে হাতে
পড়বে মনে কেউ তো ছিল বন্ধু মতো!
ঝড়ের শেষে সাঁঝের বেলা
একটি পাতা আটকে থাকে গাছের ফাঁকে
যেমন স্মৃতি জমেই প্রতি জীবন বাঁকে,
তেমন করে মায়ায় মায়ায় জড়িয়ে থেকো
নরম আগল, এই বাহুডোর সামলে রেখো
চলার পথে আসুক নেমে বিষাদ যত।



