
বিপ্লব করে নতুন সূর্য এনেছিলাম
ভেবেছিলাম, এই বুঝি রাত ভোর হলো…
কতকাল চলে গেল সকাল দেখি না
সূর্যমূখীদের হাসি ম্লান!
দোয়েল পাখিদের শিস দেওয়া নিষিদ্ধ
ফতোয়া জারি হয়েছে দোয়েলের উপর!
শাপলাদের বিলে ফোটা নিষেধ
কাচের জারে ড্রইং রুমে শাপলার বাস হবে।
মুক্তমঞ্চে নৃত্যনাট্যের পরিবর্তে
মব ভায়োলেন্স প্রদর্শন করা হয় !
বাংলা মা আমার লাল পাড়ের সাদা শাড়ি পরতে পারে না
তাকে কালো কাপড়ে মোড়ানোর ফতোয়া দেওয়ার ষড়যন্ত্র চলছে
কিশোরীর খোলা চুলে কারো প্রেমের পতাকা উড়তে
দেওয়া হবে না
হবে না দেওয়া… আর কোনো বালিকাকে মধ্য দুপুরে পুকুরের কোলে অবাধ সাঁতার কাটতে !
ভাগীরথীর দ্বিখণ্ডিত শরীরের ক্ষত থেকে যে রক্ত গঙ্গা বয়েছিল এই বাংলায়
তার ইতিহাস পাল্টে দিতে চায় তারা ফুসমন্তরে…!
হায় স্বাধীনতা… তোমাকে পাওয়ার জন্য হরিদাসীর সিঁথির সিঁদুর মুছে দিয়েছিল যারা
তারা চুয়ান্ন বছরের সবকিছু মুছে দিতে এসেছে।
জয় বাংলা মুছে দিয়ে
“নারায়ে তাকবীর…আল্লাহু আকবর” ধ্বনিতে
আজ প্রকম্পিত বাংলাদেশ!



