আন্তর্জাতিক

ইউক্রেনে শান্তির উদ্যোগে চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন

এক বছর আগে ইউক্রেনের উপর হামলার শুরু থেকে চীন নিজেকে নিরেপক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। বার বার শান্তির কথা বললেও বেইজিং এখনো পর্যন্ত হামলার জন্য রাশিয়ার সরাসরি নিন্দা করে নি। উল্টে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ করেছে। সেই সঙ্গে ইউক্রেনকে অস্ত্র সরবরাহেরও বিরোধিতা করছে প্রেসিডেন্ট শি জিনপিং-এর প্রশাসন। তবে চীন এখনো প্রকাশ্যে রাশিয়ার সঙ্গে কোনো সামরিক সহায়তার পথে যায় নি। শুধু পরমাণু অস্ত্র প্রয়োগের হুমকির তীব্র বিরোধিতা জানিয়েছে বেইজিং।

শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেন সংকটের ‘রাজনৈতিক রফা’ হিসেবে ১২ দফার পরিকল্পনাসহ একটি নথি প্রকাশ করেছে। তাতে রাশিয়া ও ইউক্রেনের সংলাপের লক্ষ্যে সব পক্ষের সমর্থনের অনুরোধ জানানো হয়েছে। সেইসঙ্গে বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করতে দুই পক্ষের উদ্দেশ্যে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার ডাক দিয়েছে চীন।

গত কয়েক দিনে ইউক্রেন সংকটকে ঘিরে চীনের জোরালো কূটনৈতিক তৎপরতা নিয়ে নানা প্রশ্ন উঠছে। চীনের শীর্ষ কূটনীতিক মিউনিখ নিরাপত্তা সম্মেলন ও ইউরোপের কয়েকটি রাজধানী সফরের পর মস্কোয় গিয়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করার কথা বলেছেন। অন্যদিকে চীন নিজেকে নিরপেক্ষ মধ্যস্থাকারী হিসেবে দাবি করে শান্তির পক্ষে সওয়াল করে চলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেন, তিনি চীনের তরফ থেকে কোনো শান্তি পরিকল্পনা দেখেন নি। বেইজিং-এর প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তিনি তাদের প্রস্তাব সম্পর্কে প্রতিক্রিয়া জানানোর আগ্রহ দেখিয়েছেন।

জার্মানির ‘ডেয়ার স্পিগেল’ পত্রিকার সূত্র অনুযায়ী চীনের এক কোম্পানি রাশিয়াকে ১০০টি কামিকাজি ড্রোন সরবরাহের বিষয়ে আলোচনা চালাচ্ছে। এপ্রিল মাসে সেই ড্রোন হস্তান্তর করা হতে পারে। পত্রিকার দাবি, শিয়ান বিংগো ইনটেলিজেন্ট এভিয়েশন টেকনোলজি নামের ড্রোন কোম্পানি তাদের জেড-টি-১৮০ মডেলের ১০০টি প্রোটোটাইপ তৈরি করতে প্রস্তুত। সেই ড্রোন নাকি ২৫ থেকে ৫০ কিলো ওজনের অস্ত্র বহন করতে পারে। ইরানে তৈরি ‘শাহিদ-১৩৬’ ড্রোনের সঙ্গে সেটির মিল রয়েছে। রাশিয়া সেই ড্রোন কাজে লাগিয়ে ইউক্রেনে ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে।

‘ডেয়ার স্পিগেল’আরও জানিয়েছে, যে বিংগো খোদ রাশিয়ায় উৎপাদন কেন্দ্র খোলার পরিকল্পনা করছে। উল্লেখ্য, সম্প্রতি অ্যামেরিকা, জার্মানিসহ অন্যান্য পশ্চিমা দেশ রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিষয়ে চীনকে সতর্ক করে দিয়েছে। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এক সাক্ষাৎকারে বলেন, তিনি চীনের প্রতিনিধিদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে এমন পদক্ষেপ একেবারেই মেনে নেওয়া হবে না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension