বইমেলাবাংলাদেশ

জঙ্গিদের হুমকি দুই মন্ত্রীর বইমেলার কর্মসূচি স্থগিত

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নামে চিঠি পাঠিয়ে অমর একুশে বই মেলায় হুমকি দেওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে পুলিশ। তবে এই হুমকির পর পূর্বনির্ধারিত কর্মসূচি প্রত্যাহার করেছেন দুই জন মন্ত্রী।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দুই মন্ত্রণালয় থেকে আলাদা বার্তায় জানানো হয়েছে, তারা বইমেলার অনুষ্ঠানে যাচ্ছেন না। বইমেলার পৃথক দুটি কর্মসূচিতে বইয়ের মোড়ক উন্মোচন করার কথা ছিল সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের।

এদিকে, বোমা হামলার চিঠির বিষয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার মো. শহীদুল্লাহ। শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, বোমা হামলার চিঠি নিয়ে ইতিমধ্যে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়ারি হয়েছে। জিডির কপি র‌্যাব ও সিটিটিসির কাছে পৌঁছেছে। এ বিষয়ে তারা তদন্ত করছে।

তিনি বলেন, ছুটির দিনে বই মেলার নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে চিঠির বিষয়টি মাথায় রেখে। এ ধরনের চিঠি আগেও পেয়েছি আমরা। এই চিঠির ওপর ভিত্তি করে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার কাছে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নামে একটি চিঠি আসে। চিঠিতে পুলিশ সদর দপ্তর ও অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেয় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। বৃহস্পতিবার এ বিষয়ে শাহবাগ থানায় জিডি করেছেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

জিডিতে বলা হয়, ২৩ ফেব্রুয়ারি বেলা ১১টায় মাওলানা মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি আতঙ্কের।

পাঠানো চিঠিতে লেখা আছে, ‘যাত্রাবাড়ীর দুটি বড় আবাসিক হোটেলে প্রকাশ্য দিবালোকে দেহব্যবসা হয়। এগুলো বন্ধ করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়। কিন্তু পুলিশ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। পাকিস্তানের করাচির মতো পুলিশ সদর দপ্তরে বোমা মেরে পুলিশকে হত্যা করা হবে। এটা করার জন্য সুযোগের অপেক্ষায় রয়েছি।’ চিঠিতে আরো লেখা হয়েছে, ‘চিঠি পাওয়ামাত্র যদি দেহব্যবসা বন্ধ করা না হয় তবে বাংলা একাডেমি আয়োজিত বইমেলায় বোমা মেরে হামলা করা হবে।’

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, আগে থেকে চিঠি দিয়ে জঙ্গিগোষ্ঠীর বোমা হামলা চালানোর নজির বাংলাদেশে নেই। তাদের দৃষ্টি আকর্ষণের জন্য উড়ো চিঠি দেওয়া হয়েছে। চিঠির বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। ডাকযোগে চিঠি পাঠানো হলেও কোথা থেকে এবং কীভাবে পাঠানো হয়েছে সবগুলো বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

অন্যদিকে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বই মেলার কর্মসূচি স্থগিত প্রসঙ্গে ঐ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বলেন, ‘অনিবার্য কারণে সেতুমন্ত্রীর আজকের বইমেলায় গ্রন্থের মোড়ক উন্মোচন কর্মসূচিটি স্থগিত করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।’ নিজের সম্পাদিত সংবাদপত্র স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল ওবায়দুল কাদেরের।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা দীপংকর বর খুদে বার্তায় জানান, অনিবার্য কারণে মন্ত্রী মো. শাহাব উদ্দিনের শুক্রবার বিকেল ৫টায় একুশে বইমেলায় গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension