আন্তর্জাতিক

ইকুয়েডরের কারাগারে দাঙ্গা, প্রেসিডেন্ট প্রার্থী হত্যা মামলার ৬ আসামি নিহত

ইকুয়েডরের গুয়াকুইল নগরীর একটি কারাগারে দাঙ্গা চলাকালে ছয় আসামি নিহত হয়েছে। গতকাল শুক্রবার দেশটিতে আইনি প্রক্রিয়া লঙ্ঘনের এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যে ছয়জন নিহত হয়েছে তারা ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওর হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামি।

গত আগস্টে রাজধানী কুইটোতে নির্বাচনী প্রচারণার পর সন্ত্রাসীদের গুলিতে নিহত হন প্রেসিডেন্ট প্রার্থী ভিলাভিসেনসিও। দেশটির যে অল্প কয়েকজন প্রেসিডেন্ট প্রার্থী সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে অভিযোগ তুলেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ভিলাভিসেনসি।

দেশটিতে আগামী রোববার (১৫ অক্টোবর) দ্বিতীয় দফা নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে কারাগারে এই হত্যাকাণ্ড ঘটল।

এসএনএআই জাতীয় কারাগার কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, গুয়াস-১ কারাগারের সেল ব্লকগুলোর একটিতে দাঙ্গা ছড়িয়ে পড়ায় ছয়জন নিহত হয়। নিহত ছয়জন কলম্বিয়ার নাগরিক। তবে এই হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। সরকারি প্রসিকিউটরের দপ্তর বলছে, তাদের এজেন্টদের পাশাপাশি পুলিশ এবং সামরিক বাহিনী কারাগারে নিরাপত্তা প্রোটোকল কার্যকর করেছে। খবর এএফপির।

ইকুয়েডরের গরুত্বপূর্ণ বন্দর নগরী গুয়াকুইলে বৃহৎ কারাগার কমপ্লেক্সের পাঁচটি অংশ রয়েছে। এসবের একটি হচ্ছে গুয়াস-১। নগরীটি প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী চক্রের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গত জুলাইয়ের শেষের দিকে গুয়াস-১ কারাগারে ছড়িয়ে পড়া এক দাঙ্গায় ৩০ জনেরও বেশি লোক নিহত হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension