
ইডেনে রোহিতের বিশ্বরেকর্ডের চার বছর
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : রোহিত গুরুনাথ শর্মা৷ নামটা সাম্প্রতিক সময়ে শিরোনামে ঘোরাফেরা করছে৷ কখনও বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়ছেন৷ কখনও আবার তাঁর সঙ্গে বিরাটের নেতৃত্বের চুলচেড়া তুলনা চলছে৷ স্মৃতির পাতায় ফিরে গেলে রোহিতের কাছে আজকের দিনটা খুবই স্পেশ্যাল৷ চার বছর আগে ঘরের মাঠে আজকের দিনেই কেরিয়ারের সবচেয়ে মূল্যবান ইনিংস খেলেছিলেন রোহিত৷
ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিতের ২৬৪ রানের ইনিংস এসেছিল আজকের দিনেই৷ একনজরে ফিরে দেখা যাক সেই ইনিংসের কিছু ঝলক-
ওপেনার হিসেবে ব্যাট করতে নেমেছিলেন৷ আর আউট হলেন ভারেতর ব্যাটিং ইনিংস একদম শেষ বলে৷ তিন ঘন্টারও বেশি সময় মাঠে থেকে ক্রিকেটের নন্দনকাননে রোহিত সেদিন ১৭৩ বল খেলে ২৬৪ রান করেন৷
ইনিংস সাজানো ছিল ৩৩ টি চার ও ৯ টি ছয় দিয়ে৷ স্ট্রাইক রেট ১৫২.৬৷
রোহিতের ব্যাটে ভর করে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেন সেদিন ম্যারাথন রানের ইমারত তৈরি করেছিল ভারত৷ নির্ধারিত পঞ্চাশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৪০৪ রান তোলে ভারতীয় দল৷ ‘মেন ইন ব্লু’ ম্যাচ জিতেছিল ১৫৩ রানে৷
এটাই প্রথমবার নয়, এর আগেও আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচে আরও দু’বার দ্বিশতরান হাঁকিয়েছেন ‘হিটম্যান৷’ কেরিয়ারের প্রথম দ্বিশতরান এসেছিল ২০১৩ সালে৷ বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিশতরান হাঁকান মারাঠা ক্রিকেটার(২০৯রান)৷ পরবর্তী সময়ে ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে আরও একটি দ্বিশতরান ইনিংস রয়েছে রোহিতদের(২০৮*রান)৷
এক নজরে রোহিতে ইনিংস এগিয়েছিল সেভাবে-
৫০ রান(৭২ বলে,৪x৫)
১০০ রান(১০০ বলে, ৪x১২, ৬x১)
১৫০ রান(১২৫ বলে, ৪x১৯, ৬x৩)
২০০ রান(১৫১ বলে, ৪x২৫, ৬x৫)
২৫০ রান(১৬৬ বলে, ৪x৩২, ৬x৮)
২৬৪ রান(১৭৩ বলে, ৪x৩৩, ৬x৯)



