
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ৩টার দিকে দেশটির পূর্বাঞ্চলীয় মালুকু প্রদেশের অন্তত ৩০ দ্বীপ নিয়ে গঠিত তানিম্বারে এই ভূমিকম্প আঘাত হানে। খবর রয়টার্সের।
ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি বলছে, রিখটার স্কেলে ৭ দশমিক ৫ মাত্রায় আঘাত হানা এ ভূমিকম্পটির কেন্দ্রের গভীরতা ছিল ১৩০ কিলোমিটার। তবে কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৭। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এটিকে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প বলে দাবি করেছে।
ভূমিকম্পের ফলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বাইরে ছোটাছুটি শুরু করেন।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ১৫টি বাড়ি ও দুটি স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন থেকে পাঁচ সেকেন্ড স্থায়ী এই কম্পনে একজন আহত হওয়ার খবরও দিয়েছে সংস্থাটি।
এই ভূমিকম্পের পরাঘাতে অন্তত চারবার অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলও কেঁপে ওঠে। বিএমকেজি বলছে, ভূমিকম্পের পরাঘাতগুলো ছিল ৫ দশমিক ৫ মাত্রার।
ইন্দোনেশিয়ার অবস্থান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে হওয়ার কারণে সেখানে ভূকম্পন ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রায়ই দেখা যায়। গত নভেম্বরে দেশটির জনবহুল প্রদেশ পশ্চিম জাভায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত এবং তিন শতাধিক মানুষের মৃত্যু হয়।



