
করোনাকালীন বিধিনিষেধ উঠে স্বাভাবিক অবস্থায় ফিরছে হজ
চলতি হজ মৌসুম থেকেই হাজিদের জন্য করোনাকালীন বিধিনিষেধ তুলে নিচ্ছে সৌদি আরব। গত সোমবার সন্ধ্যায় দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক বিন ফাওজান আল-রাবিয়াহ এ কথা বলেছেন।
রাষ্ট্র পরিচালিত সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
তাওফিক বিন ফাওজান জানিয়েছেন, হজে অংশগ্রহণকারীর সংখ্যা করোনা মহামারির আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। কোনো বয়সের বাধ্যবাধকতা থাকছে না।
২০১৯ সালে বিশ্বের বিভিন্ন দেশের ২৪ লাখের বেশি মানুষ হজে অংশ নেয়। পরের বছর থেকেই করোনাভাইরাসের প্রকোপের কারণে বিধিনিষেধ আরোপ করা হয়। ওই বছর সৌদি আরবের এক হাজার লোক হজ করার অনুমতি পায়।
২০২১ সালে অনুমতি পায় ৬০ হাজার সৌদি বাসিন্দা। ২০২২ সালে ভ্যাকসিনগ্রহণ করা ৬৫ বছরের কম বয়সী এবং করোনার (নেগেটিভ) সনদধারী ৯ লাখের মতো মানুষ হজ করার অনুমতি পায়।
এ বছর গত বছরের তুলনায় বেশি মানুষ বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন বলে গত রোববার সংসদে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
সংসদে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, চলতি বছর বাংলাদেশের জন্য সম্ভাব্য হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন।



