
ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীর দাফন সম্পন্ন, প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার
ইরানের অন্যতম শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহর দাফন রাজধানী তেহরানে সম্পন্ন হয়েছে। এই বিজ্ঞানীকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে তেহরান।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি বলেছেন, এই হত্যার প্রতিশোধ নেয়া হবে। আমাদের শত্রুরা জানে এবং একজন সৈনিক হিসাবে আমি তাদের উদ্দেশ্যে বলছি কোনও অপরাধ, কোনও সন্ত্রাস বা কোনও দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের উত্তর ইরানী জনগণ অবশ্যই দেবে।
এর আগে ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশন্সের প্রধান কামাল খাররাজি বলেছেন, ইরানি জাতির কাছ থেকে যারা ফখরিজাদেকে কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং হিসেবি জবাব দেবে তেহরান এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
গত শুক্রবার ইরানের রাজধানী তেহরানের কাছে শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেকে দূর নিয়ন্ত্রিত এক ধরনের নতুন ইলেকট্রনিক অস্ত্র ব্যবহার করে হত্যা করা হয়।
২০১০ সাল থেকে এ পর্যন্ত ইরানের পাঁচজন খ্যাতনামা পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হলো। এসব হত্যাকাণ্ডের জন্য ইরান বরাবরই ইসরায়েলকে দায়ী করে আসছে।❐



