
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে মৃত্যুদন্ড না দেওয়ার নিশ্চয়তা
রূপসী বাংলা ঢাকা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট: গতকাল ৬ ডিসেম্বর বৃহস্পতিবার রেডিওতে দেওয়া সরাসরি এক সাক্ষাৎকারে ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মরেনো জানান, উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে লন্ডনে অবস্থিত ইকুয়েডরের দূতাবাস থেকে বের করার পর তাকে এমন কোনও দেশে প্রেরণ করা হবে না, যেখানে তাকে মৃত্যুদণ্ডে দন্ডিত করা হবে। এই মর্মে দেশটির সরকারকে লিখিতভাবে নিশ্চয়তা প্রদান করেছে যুক্তরাজ্য সরকার।
তিনি বলেন, যুক্তরাজ্য লিখিতভাবে নিশ্চয়তা প্রদান করেছে যে তাদের দেশে অবস্থিত ইকুয়েডরের দূতাবাসে ২০১২ সালের মাঝামাঝি সময় থেকে বসবাস করতে থাকা জুলিয়ান অ্যাসাঞ্জ সেখান থেকে বের হলে তাকে মৃত্যুদন্ডে দন্ডিত করা হবে এমন কোনও দেশে প্রেরণ করা হবে না।
যুক্তরাজ্য সরকারের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে জানিয়ে ইকুয়েডরের প্রেসিডেন্ট বলেন, লিখিতভাবে তারা নিশ্চয়তা দিয়েছে তার জীবনের। যুক্তরাজ্যের উচিত অ্যাসাঞ্জকে জামিনের শর্তে স্বল্প মেয়াদে কারাদন্ডের সাজা সম্পন্ন করা।
জুলিয়ান অ্যাসাঞ্জের দীর্ঘকাল ধরে যুক্তরাজ্যে অবস্থিত ইকুয়েডরের দূতাবাসে অবস্থানের বিষয়ে নিজের মনোভাবের কথা জানিয়ে লেনিন মরেনো বলেন, আমি তার ইকুয়েডরের দূতাবাসে অবস্থানের বিষয়ে মোটেও সন্তুষ্ট নই। অনেক কাল ধরে তিনি প্রায় গৃহবন্দি অবস্থায় রয়েছেন।
বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর গোপন নথি ফাঁস করে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ সারাবিশ্বে তোলপাড় ফেলে দেন। এরপর বিশ্বের পরাশক্তি দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে থাকে এবং তাকে গ্রেফতার করার জন্য উঠেপড়ে লাগে।



