আন্তর্জাতিক

ঋণ ইস্যুতে পাকিস্তানের সঙ্গে দরকষাকষিতে কঠোর হচ্ছে চীন

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) প্রকল্পগুলোতে নতুন গতি আনতে মুখিয়ে আছে পাকিস্তান। এ জন্য দেশটির নতুন ঋণের প্রয়োজন। অন্যদিকে চীন নতুন ঋণ তো পরের বিষয়, পুরোনো ঋণের ক্ষেত্রেই পাকিস্তানের পুনঃতপশিলের দাবির ব্যাপারে অত্যন্ত সতর্কতার সঙ্গে সামনে বাড়বে। খবর দ্য প্রিন্টের।

গত মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দুই দিনের সফরে চীন গিয়েছিলেন। ওই সফরে তিনি সিপিইসি প্রকল্পের বিষয়ে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। অতীতে সুখে-দুঃখে চীনকে পাশে পেয়েছে দেশটি। দীর্ঘদিনের পরীক্ষিত সেই বন্ধুর কাছ থেকেই এবার ঋণের কিস্তি পরিশোধে সময় বাড়ানোর ব্যাপারে শঙ্কা তৈরি হয়েছে। কারণ, চীন এরই মধ্যে চলতি বছরের শুরুতে এক বিলিয়ন মার্কিন ডলার ঋণের কিস্তি পরিশোধে সময় বাড়িয়েছে।

উল্লেখ্য, চীন হলো পাকিস্তানের একক বৃহত্তম ঋণদাতা দেশ। ২০২২-২৩ অর্থবছরে পাকিস্তানের পরিশোধকৃত মোট বিদেশি ঋণের প্রায় ১১ শতাংশই চীনের। আর বার্ষিক হিসাবে তা ৪৫ শতাংশ। সরকারি-বেসরকারি মিলিয়ে চীন থেকে নেওয়া পাকিস্তানের ঋণের পরিমাণ ২৬ বিলিয়ন মার্কিন ডলার।

চীন থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধের সময় বাড়াতে চায় পাকিস্তান। পাকিস্তান সরকারের মোট ঋণ হলো ২০ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে শুধু চীনের কাছ থেকেই নিয়েছে ৯ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, পাকিস্তান বৈদেশিক ঋণের ৩০ শতাংশই চীনের কাছ থেকে নিয়েছে।

চীনের কাছ থেকে যে পরিমাণ ঋণ পাকিস্তান নিয়েছে, তা আইএমএফের কাছ থেকে নেওয়া ঋণের চেয়ে তিন গুণ বেশি। শুধু তাই নয়, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) মিলে যে পরিমাণ ঋণ দিয়েছে পাকিস্তানকে, তার চেয়েও তা বেশি। তাই তো বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন, শ্রীলঙ্কার মতো পাকিস্তানও চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়তে পারে। শ্রীলঙ্কা এমন একটি দেশ, যে প্রায়ই চীনের ঋণ পরিশোধে আবারও ঋণ নাও—ফাঁদে পা দিত।

সাম্প্রতিক বন্যা পাকিস্তানের অর্থনৈতিক সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে। পাকিস্তান তার ৬ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ রোলওভারের জন্য চীনকে অনুরোধ করেছে। আগামী আট মাসের মধ্যে এ ঋণ ম্যাচিউর হবে। ঋণ পুনঃতপশিল ইস্যুতে শরিফ এবং তার মন্ত্রিসভা হয়তো বড় ধরনের আশা ভঙ্গের সম্মুখীন হতে পারে। চীন অবশ্যই ঋণের ব্যাপারে দরকষাকষিতে কঠোর হতে চলেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension