
তাহমিনা চৌধুরী
আঙিনার ফুলগুলো আজ ঝিমিয়ে গেছে। ঋতু রঙে রাঙাতে পারছে না
আগের মতো আর পাপড়ি মেলছে না, নেই তার সতেজতা, নেই তেমন সুগন্ধ।
কাচের জানালা দিয়ে দিগন্ত বরাবর চোখ পড়লো—
পাহাড় ছুঁয়ে ঘেঁষে আসা আমাদের ছোট্ট নদীর তীরে ফুটেছে কেয়া ফুল—
কিন্তু এখন তো শরতের বিদায়ের ডাক, ক্ষণগণনা তো হেমন্তের—
ডালে ডালে কচি পাতার আগমনে স্ফুরিত হবে এই হৃদয়
ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসবে,ডানা মেলে উড়বে, মধুর সুরে গাইবে—
স্নিগ্ধ হাওয়ায় মাতিয়ে রাখবে, আমাদের এই ছোট্ট গাঁ—
সন্ধ্যা হতেই বৃক্ষের ছায়ার সাথে দুলবে চাঁদের কিরণ,
জোছনা ছড়াবে আঙিনায়—
সেই আধো আলো আধো জোছনায়, তাড়া করবে একটি স্বপ্নের দিকে—
ঋতু রঙে রাঙাবো বলে, সেই কবে থেকে হাত বাড়িয়ে আছি।



