
এই একরত্তি খুদে আজ বড় অভিনেত্রী, চিনতে পারছেন কে ইনি
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: চিনতে পারছেন এই খুদেকে? মায়ের কোলে বসে দুষ্টু মিষ্টি এই খুদে আজ বলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে একজন। আজ তাঁর ছবি দেখে মুগ্ধ হয় দর্শক। ইনি হচ্ছেন আজকের আলিয়া ভাট।
মা সোনি রাজদানের জন্মদিন উপলক্ষে ২৫ অক্টোবর একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন আলিয়া ভাট। পুরনো অ্যালবাম থেকে শেয়ার করা এই ছবি মুহূর্তে ভাইরাল হয়। ছবিতে দেখা যাচ্ছে সোনি রাজদানের কোলে একরত্তি আলিয়া বসে রয়েছে। ছোট বেলায়ও যে একই রকম মিষ্টি ছিলেন আলিয়া তা ছবি দেখেই স্পষ্ট বোঝা যায়।
আলিয়া এই ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “এই মানুষটা সবচেয়ে সুন্দর, বোঝদার, বিশেষ ও ভাল মনের। আমি তোমায় খুব ভালোবাসি মা। এমন হওয়ার জন্য তোমায় ধন্যবাদ। আর আমায় তৈরি করার জন্যও ধন্যবাদ। শুভ জন্মদিন।”
সম্প্রতি নো ফাদার্স ইন কাশ্মীর ছবিতে কিছুদিন আগেই অভিনয় করেছেন সোনি রাজদান। ত্রিকাল, পেজ ৩, খামোশ, মনসুন ওয়েডিং ও ইয়োর্স ট্রুলিতে অভিনয় করে বিশেষ নজর কেড়েছেন সোনি রাজদান। ১৯৮৬-তে মহেশ ভাটের সঙ্গে বিয়ে করেন সোনি রাজদান।
প্রসঙ্গত, এই মুহূর্তে আলিয়া ভাট ব্রহ্মাস্ত্র ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে আলিয়ার বিপরীতে রয়েছেন রণবীর কাপুর। এছাড়াও করণ জোহরের তখত, রাজামৌলির আরআরআর এবং সঞ্জয় লীলা ভংশলীর গাঙ্গুবাই কাঠিওয়াদি ছবিতে অভিনয় করছেন আলিয়া।
কেরিয়ার ছাড়াও আলিয়ার ব্যক্তিগত জীবন নিয়েও এই মুহূর্তে আলোচনা তুঙ্গে। বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে, খুব শীঘ্রই রণবীর কাপুরের সঙ্গে বিয়ে করতে চলেছেন আলিয়া। সম্প্রতি তাঁদের ভুয়ো বিয়ের কার্ডও ভাইরাল হয়। কিন্তু আলিয়া বা রণবীর কেউই এই বিষয়ে মুখ খোলেননি।



