
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বরকত উল্লাহ ভুলু মহামারী করোনায় আক্রান্ত।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ৪ ডিসেম্বর তার রোগ মুক্তিসহ দেশে এবং প্রবাসে করোনায় আক্রান্ত সকলের আরোগ্য কামনায় বিশেষ ভার্চুয়াল দোয়া মাহফিল ও ও আলোচনা সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র যুবদল।
ভার্চুয়াল এ দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুব দলের সভাপতি জাকির এইচ চৌধুরী এবং পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদ। প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন, সরকার করোনা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, এই সরকার আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের পন্থা অবলম্বন করেছে। বর্তমান ফ্যাসিস্ট সরকারও একইভাবে করোনা টেস্ট করাচ্ছে না। করোনা টেস্ট করালেই করোনা রোগী শনাক্ত হবে। সেই সাথে স্বাস্থ্য বিভাগে চলছে চরম দুর্নীতি।
মির্জা ফখরুল বলেন, আগের রাতে ভোট ডাকাতি করে এই সরকার ক্ষমতা দখল করেছে। ক্ষমতা দখলের পর তারা ক্ষমতায় টিকে থাকার জন্য নানা অপকৌশল অবলম্বন করেছে। যার মধ্যে একটি হচ্ছে বিএনপি, যুবদল এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের বিরুদ্ধে ১ লাখের বেশি মামলা করা হয়েছে, আসামি করা হয়েছে প্রায় ৩৫ হাজার। মামলা এবং হয়রানির ভয়ে অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন। ঢাকায় এসে কেউ কেউ রিকশা চালাচ্ছেন ও হকারি করছেন। অপর অপকৌশল হচ্ছে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে এবং তা গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে ব্যবহার করছে।
তিনি আরও বলেন, এই সরকার কোনও সামরিক সরকার নয়, তবে এই সরকার হচ্ছে একটি ভয়ঙ্কর জালেম সরকার। তারা বিনা বিচারে মানুষ হত্যা করছে। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া বন্দী। তিনি বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের জাতীয় ঐক্য প্রয়োজন। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে এই জুলুম সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে তত্ত্বাবধায়ক সরকার এবং নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এর জন্য অতীতের মতো যুবদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।❐



