
একদিকে নেভাতে গেলেই আর একদিন জ্বলে যাচ্ছে বাগরি মার্কেটের
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: একদিকে আগুন নেভাতে গেলেই জ্বলে যাচ্ছে আর এক দিক। এমনই ভয়ঙ্কর অবস্থা বড় বাজারের বাগরি মার্কেটে। প্রায় আট ঘণ্টা পরও লড়াই করে যাচ্ছেন দমকলকর্মীরা। আট ঘণ্টা পর কর্মীরা সিঁড়ি দিয়ে কোনোরকমে দোতলায় ঢোকার চেষ্টা চালাচ্ছেন।
ছ’তলা বিল্ডিং-এর মধ্যে ছিল প্রচুর দাহ্য পদার্থ। প্লাস্টিক ও রাসায়নিক পদার্থের মাধ্যমে রাত থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। বারবার চেষ্টা করেও উপরে উঠতে পারছিলেন না কর্মীরা। কারণ আশেপাশে রয়েছে প্রচুর বাড়ি। নিচের তলায় আগুন নেভাতে গেলে উপরের দিকে ছড়িয়ে পড়ছে আগুনের লেলিহান শিখা আর উপর তলায় জল দিতে গেলেই আগুন ছড়াচ্ছে নিভচের দিকে। এরকম পরিস্থিতিতে রীতিমত বিভ্রান্ত দমকলকর্মীরা।
রাত আড়াইটা নাগাদ আগুন লাগে। তারপরই ঘটনাস্থলে পৌঁছয় একের পর এক দমকলের ইঞ্জিন। সকাল পর্যন্ত ৩০টি ইঞ্জিন পৌঁছেছে। কিন্তু উপরে না যেতে পারায় আগুন নেভাতে পারেনি তারা। সকাল ১০টা নাগাদ প্রথম দোতলায় ওঠার চেষ্টা করেন দমকলকর্মীরা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মার্কেটের ভিতর দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে৷ আগুনের তীব্রতা এতটাই যে ভোরের আলো ফোটার পরই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকাটি৷
এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার৷ আসেন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ তিনি জানান, রাত ২টো ৪৫মিনিট নাগাদ আগুন লাগে৷ আগুন নিয়ন্ত্রণে সব ধরনের চেষ্টা করা হচ্ছে৷ কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় শুরুর দিকে দমকলকে বেগ পেতে হয়৷ এখনও অবধি কোনও হতাহতের খবর নেই৷



