
আসাদুজ্জামান খান মুকুল
একুশ মানেই অজর অমর একুশ আমার প্রাণ,
দেশের দামাল একুশ দিয়েই রাখল ভাষার মান।
একুশ আমার ভাষার প্রতীক একুশ আনল দেশ,
একুশ মায়ের বুকের দহন যার কাটে নাই রেশ।
একুশ দেশের সব মানুষের শ্রদ্ধা ভরা দিন,
মিনার মাঝে ফুল দিয়ে তাই শোধ করি তার ঋণ!
একুশ শেখায় শক্ত হাতেই শত্রু রোখার পণ,
একুশ দিয়েই পেলাম আমরা মাতৃভাষার ধন।
একুশ আমার মায়ের মুখের মিষ্টি মধুর হাসি,
একুশ দিয়েই মায়ের আদর পাই আজ রাশি।
একুশ আমার মনের চেতন দীপ্ত মুক্ত প্রাণ,
তাঁর কৃপাতেই কবিরা আজ লেখেন কাব্য-গান।
একুশ দিয়েই বাংলা ভাষায় নিপুণ জীবন গড়া,
বাঙালীরদের প্রশংসা আজ বিশ্ব ভুবন ভরা।
রফিক শফিক জব্বার আর বরকত দিল প্রাণ,
একুশের গান গেয়ে বাঙালী রাখল মায়ের মান!



