
এখন থেকে ২৪ ঘণ্টা খোলা থাকবে তামিলনাড়ুর দোকানগুলি
রূপসী বাংলা নিউজ ডেস্ক: তামিলনাড়ুর স্থানীয় ব্যবসায়ীদের জন্য সুখবর। এখন থেকে সপ্তাহে সাত দিনই দোকান খোলা রাখতে পারবেন তামিলনাড়ু রাজ্যের দোকানের মালিকরা। তামিলনাড়ু সরকারের নয়া নির্দেশিকা অনুযায়ী, আগামী তিন বছর সারা দিন ধরেই খোলা রাখা যাবে তামিলনাড়ুর দোকানগুলি।
যে সমস্ত দোকানের মালিকরা এবং ট্রেড অ্যাসোসিয়েশনগুলি ২৪ ঘণ্টা দোকান খোলা রাখার অনুমতিপত্র চেয়ে আসছিলেন তাদের জন্য এই নির্দেশিকা আশীর্বাদের সামিল। তবে এখন শুধুমাত্র আইটি সংস্থা, হাসপাতাল এবং ওষুধের দোকানগুলিই ২৪ ঘণ্টা নিজেদের প্রতিষ্ঠান খোলা রাখবার ছাড়পত্র পাবেন। তবে এই নির্দেশে আগামী ৩ বছরের ভিতর পরিবর্তন আনা হতে পারে বলেও জানা গিয়েছে।
সেই সঙ্গেই নির্দিষ্ট কিছু বিষয়ের ওপর নজর আরোপ করা হয়েছে। সেই বিষয়গুলির মধ্যে রয়েছে- মহিলা কর্মীদের জন্য সুরক্ষা বৃদ্ধি, সমস্ত কর্মীদের জন্য সাপ্তাহিক ছুটির দিন এবং মৌলিক সুবিধাদি যেমন ওয়াশ রুম, রেস্ট রুম, সেফটি লকার-এর পর্যাপ্ত ব্যবস্থা রাখা। নারী সুরক্ষার কথা মাথায় রেখে এই নির্দেশিকায় বলা হয়েছে, জরুরি দরকার না পড়লে মহিলা কর্মীদের রাত ৮ টার বেশি কাজ করানো যাবে না। তবে নিয়োগকর্তা লিখিত আবেদন দিলে তার নিয়োগ করা মহিলা কর্মী রাত ৮ টা থেকে পর দিন সকাল ৬ টা পর্যন্ত কাজ করার সুযোগ পাবেন। এই সময় কাজ করলে মহিলা কর্মীদের যাতায়াতের সুবিধা দিতে হবে প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠানটির যাতায়াতের সুবিধা দেওয়ার ব্যবস্থা রয়েছে তাও লিখিত হলফনামায় উল্লেখ করতে হবে। এই হলফনামায় উল্লেখ করতে হবে নিয়োগকর্তা এবং কর্মচারী উভয়েরই রাত্রিকালীন কাজ করতে ইচ্ছুক৷
এই নির্দেশিকাকে সাধুবাদ জানিয়ে চেন্নাই হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি রবি বলেন “আমরা বিগত ২০ বছর ধরে এই অনুমতির জন্য লড়াই করছিলাম। মহারাষ্ট্রের উচ্চ আদালতে এই নিয়ে একটি মামলাও করা হয়েছিল। কিছু প্রতিষ্ঠানের কর্ণধাররা বলেছিলেন রাত ১০ টায় পুলিশের সহায়তায় তারা দোকান বন্ধ করবেন। এই নয়া নির্দেশিকা আমাদের আয় অনেক বাড়িয়ে দেবে। আমরা অতিরিক্ত কর্মী নিয়োগ করতে পারব। রাত্রিকালীন কাজের সময়ে কর্মীদের ভাল খাবার ও বিনোদনের ব্যবস্থাও করা হবে।
অন্যদিকে দেখলে, কর্ম সময় বৃদ্ধি হলে রাজ্যের আয় অনেক বেড়ে যাবে। কারণ অতিরিক্ত সময় কাজের ক্ষেত্রে অতিরিক্ত কর্মী নিয়োগ করতে হবে। ফলে কর্ম সংস্থান বাড়বে। বাড়বে আয়।
প্রসঙ্গত উল্লেখ্য ২০১৬ সালে মোদী সরকার মডেল শপ এন্ড এসট্যাব্লিশমেনট বিলে ছাড়পত্র দিয়েছিল। যে বিলে বলা আছে সপ্তাহে ২৪ ঘণ্টাই দোকান খোলা রাখতে পারবে খুচরো দোকানগুলি। মহারাষ্ট্র ও গুজরাট সরকারও এই অনুমতি দিয়েছে অনেক আগেই।



